
নয়াদিল্লি, ২২ মে (হি.স.) : সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)-এর নতুন ত্রিভাষা নীতিকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। আগামী সপ্তাহে এই মামলার শুনানি হতে পারে বলে জানা গিয়েছে।
প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বেঞ্চের সামনে বিষয়টি উত্থাপন করেন প্রবীণ আইনজীবী মুকুল রোহতগি। তিনি আদালতে জানান, সিবিএসই-র নতুন ত্রিভাষা নীতিতে নবম শ্রেণি থেকে শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত দু’টি ভাষা পড়া বাধ্যতামূলক করা হয়েছে। ওই তিনটি ভাষার মধ্যে অন্তত দু’টি ভারতীয় ভাষা থাকা আবশ্যিক।
রোহতগির বক্তব্য, হঠাৎ করে নবম শ্রেণির পড়ুয়াদের উপর অতিরিক্ত দু’টি ভাষা শেখার চাপ সৃষ্টি হলে তাদের দশম শ্রেণির বোর্ড পরীক্ষার প্রস্তুতিতে প্রভাব পড়তে পারে। তিনি বলেন, “পড়ুয়ারা হঠাৎ করে দু’টি নতুন ভাষা কীভাবে শিখবে এবং দশম শ্রেণিতে তার পরীক্ষা দেবে? এতে শিক্ষার্থীদের সমস্যায় পড়তে হবে।”
আদালতে আরও জানানো হয়, আগামী ১ জুলাই থেকে এই নীতি কার্যকর হওয়ার কথা রয়েছে। ছাত্রছাত্রী, অভিভাবক ও শিক্ষকদের পক্ষ থেকে এই মামলা দায়ের করা হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য