
কলকাতা, ২২ মে (হি. স.) : ভারতীয় নবজাগরণের অগ্রদূত, প্রখ্যাত সমাজ সংস্কারক ও দার্শনিক রাজা রামমোহন রায়ের ২৫৪তম জন্মজয়ন্তীতে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার সামাজিক মাধ্যম ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে তিনি এই শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
ফেসবুক পোস্টে মুখ্যমন্ত্রী লিখেছেন, বাংলার তথা ভারতের নবজাগরণের পথিকৃৎ, সমাজ-সংস্কারক ও দার্শনিক, 'ভারত পথিক' রাজা রামমোহন রায়ের ২৫৪তম জন্মজয়ন্তীতে বিনম্র শ্রদ্ধাঞ্জলি।
উনবিংশ শতকের ভারতীয় সমাজের কুসংস্কার, অন্ধবিশ্বাস ও বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে আধুনিক সমাজ গঠনের ভিত গড়ে তুলেছিলেন রাজা রামমোহন রায় (১৭७२-১৮৩৩)। অমানবিক সতীদাহ প্রথা বিলোপের ক্ষেত্রে তাঁর অবদান ছিল অবিস্মরণীয়। এর পাশাপাশি নারী অধিকার রক্ষায় তিনি সর্বদা সরব ছিলেন এবং বাল্যবিবাহ, বহুবিবাহ ও পর্দা প্রথার তীব্র বিরোধিতা করেছিলেন।
উল্লেখ্য, হুগলি জেলার আরামবাগ মহকুমার নদী বেষ্টিত রাধানগর গ্রামের এক প্রত্যন্ত অঞ্চলে জন্মগ্রহণ করেছিলেন এই মহান মনীষী। তৎকালীন সময়ে সেই দুর্গম ও বানভাসি অঞ্চলে উন্নত পরিবহণ ব্যবস্থার অভাব ছিল এবং নদী পথেই চলত সমস্ত ধরনের আদান-প্রদান ও যোগাযোগ ব্যবস্থা। ওমন এক প্রতিকূল পরিবেশ থেকে উঠে এসে তিনি সমাজ সংস্কারের যে আলোকবর্তিকা জ্বালিয়েছিলেন, তা আজও সমাদৃত।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত