
কলকাতা, ২২ মে (হি.স.): চিংড়িঘাটা মেট্রোরুটের প্রথমপর্বের কাজ গত সপ্তাহে হয়েছে। শুক্রবার ফের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হতে চলেছে। সেজন্য গুরুত্বপূর্ণ রাস্তা ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসে যান নিয়ন্ত্রণ হবে বলে পুলিশ-প্রশাসন সূত্রে খবর। গত সপ্তাহে ১৫ মে থেকে ১৮ মে নির্বিঘ্নে প্রথম পর্যায়ের কাজ হয়। ৩১৭ নম্বর পিলার থেকে ৩১৮ নম্বর পিলারের গার্ডার বসানো হয়েছিল ওই পর্যায়ে। শুক্রবার থেকে শুরু হবে দ্বিতীয় পর্যায়ের কাজ। এবার ৩১৮ নম্বর পিলার থেকে ৩১৯ নম্বর পিলার পর্যন্ত গার্ডার বসানোর কাজ হবে। শুক্রবার রাত ৮টা থেকে এই কাজ শুরু হয়ে আগামী সোমবার সকাল ৮টা পর্যন্ত চলবে। পুলিশ-প্রশাসন সূত্রে খবর, দ্বিতীয় পর্যায়ের কাজের জেরে ট্রাফিক নিয়ন্ত্রণ হবে শুক্রবার রাত থেকে।
জানা গেছে, ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের দক্ষিণমুখী রাস্তা গাড়ির গতি এবং যাতায়াত নিয়ন্ত্রিত রাখার নির্দেশ রয়েছে। বাইপাসের দক্ষিণমুখী গাড়িগুলি স্বাভাবিক পথেই চলবে। সল্টলেক বা নিউ টাউনের দিক থেকে বাইপাসের দিকে যাওয়া গাড়িগুলির রাস্তায় কোনও পরিবর্তন হবে না।
দ্বিতীয় পর্যায়ে বাইপাসের পূর্ব দিক বন্ধ থাকাকালীন সল্টলেক, উল্টোডাঙা বা বিমানবন্দরের দিকে যাওয়ার জন্য সমস্ত গাড়িকে এনএক্স হোটেলের সামনে দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। ওই গাড়িগুলি উত্তরমুখী নতুন রাস্তা ধরে চিংড়িঘাটার দিকে যাবে। সল্টলেকে যাওয়ার জন্য যে সমস্ত গাড়ি চিংড়িঘাটা উড়ালপুলে উঠবে, সেগুলিকেও নতুন বিকল্প রাস্তা ধরতে হবে। দক্ষিণমুখী সমস্ত গাড়িকে চিংড়িঘাটা ক্রসিং থেকে ঘুরিয়ে বাইপাসের পশ্চিম দিকে পাঠানো হবে।
নিউ টাউন এবং সল্টলেকের দিক থেকে বাইপাসের দিকে আসা গাড়িগুলি চিংড়িঘাটা ক্রসিং থেকে দক্ষিণ অভিমুখে যাওয়ার জন্য শুধু বাঁ দিকে ঘুরতে পারবে। উত্তর অভিমুখে যাওয়ার জন্য ডান দিকে ঘোরা যাবে না। ওই রাস্তা বন্ধ থাকবে। উত্তর অভিমুখে যাওয়ার গাড়িগুলি মেট্রোপলিটান ক্রসিং থেকে ইউ-টার্ন নিতে পারবে।
উল্লেখ্য, রাজ্যের পালাবদলের পরই আটকে থাকা চিংড়িঘাটা মেট্রোরুটের কাজ শুরু হয়েছে। তৃণমূল সরকারের আমলে চিংড়িঘাটা মেট্রোরুটের কাজ আটকেছিল। বাইপাসের রাস্তায় যান নিয়ন্ত্রণে সমস্যা, এই দাবি করে মেট্রোর কাজ আটকে রাখা হয়েছিল রাজ্যের তরফে, এই অভিযোগ উঠেছিল। বিজেপি ক্ষমতায় আসতেই সেই বাধা কেটে যায়। চিংড়িঘাটা মেট্রোরুটের কাজ শুরু হয়।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ