
কলকাতা, ২২ মে (হি. স.) : ধরপাকড়।সমবায় দফতরে দুর্নীতি এবং আর্থিক অনিয়ম নিয়ে কড়া অবস্থানের বার্তা দিলেন নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী অশোক কীর্তনিয়া। শুক্রবার দফতরের প্রথম বৈঠকেই তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, - ‘‘দুর্নীতির ক্ষেত্রে কোনও রকম বরদাস্ত করা হবে না। যেখানে যেখানে দুর্নীতি হয়েছে, সেখানে সমস্ত স্তরে ব্যবস্থা নেওয়া হবে।’’এদিকে সূত্রের খবর, এ দিনের বৈঠকে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন রাজ্যের বিভিন্ন রেঞ্জ অফিসার, দফতরের সচিব, যুগ্মসচিব এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আধিকারিকেরা। বৈঠকে সমবায় সমিতিগুলির আর্থিক লেনদেন, কৃষকদের স্বার্থরক্ষা এবং কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
মন্ত্রী জানান, কো-অপারেটিভ সোসাইটি আইন অনুযায়ী কঠোর পদক্ষেপ করা হবে। প্রয়োজনে দুর্নীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের কাছ থেকে টাকা ফেরতও নেওয়া হবে। তাঁর কথায়, ‘‘কৃষকদের সঙ্গে কোনও রকম প্রতারণা চলবে না।’’
বৈঠকে তিনি আরও দাবি করেন, গত ১৫ বছরে সমবায় দফতরকে প্রয়োজনীয় গুরুত্ব দেওয়া হয়নি। ফলে কেন্দ্রীয় সরকারের একাধিক প্রকল্পের সুবিধা রাজ্যের কৃষকদের কাছে পৌঁছয়নি। এ প্রসঙ্গে কেন্দ্রীয় সমবায় মন্ত্রকের ভারপ্রাপ্ত বিভাগীয় সচিবের সঙ্গে ইতিমধ্যেই তাঁর আলোচনা হয়েছে বলেও জানান তিনি।
মন্ত্রী এদিন আরও বলেছেন যে, - ‘‘প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর নির্দেশ দিয়েছেন, এই দফতরের কাজগুলি সম্পন্ন আমাকে গুরুত্বের সঙ্গে শুরু করতে হবে। কেন্দ্রীয় সমবায় মন্ত্রী অমিত শাহের দফতরের সঙ্গে যোগাযোগ রেখেই দফতর চালাতে হবে।’’
একই সঙ্গে অতীতে সমবায় সংস্থাগুলিতে আর্থিক অনিয়মের অভিযোগ নিয়েও সরব হন তিনি। তাঁর দাবি, - ‘‘গত ১৫ বছরে বিভিন্ন সমবায়ের টাকা যারা লুট করে খেয়েছেন, তারা ভদ্র ভাবে টাকা ফিরিয়ে দিন।’’ ব্যাঙ্ক এবং সমবায় সংস্থার অর্থ তছরুপের ঘটনাগুলির নিরপেক্ষ ও উপযুক্ত তদন্ত হবে বলেও তিনি সতর্ক করেছেন।
যদিও বিরোধীদের একাংশের দাবি, নতুন করে দুর্নীতি বিরোধী অবস্থানের কথা বলা হলেও বাস্তবে কতটা পদক্ষেপ করা হয়, সেটাই এখন দেখার বিষয়। তবে প্রশাসনিক মহলের একাংশের মতে, দফতরের প্রথম বৈঠকেই কঠোর বার্তা দিয়ে ভবিষ্যৎ কর্মপন্থার ইঙ্গিত স্পষ্ট করে দিলেন মন্ত্রী। খাদ্য ও সরবরাহ দফতরের সচিব কৃষ্ণ গুপ্ত, দফতরের বিশেষ সচিব শান্তনু দে প্রমুখ উপস্থিত ছিলেন
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত