
নয়াদিল্লি, ২২ মে (হি.স.) : মাটির স্বাস্থ্য রক্ষা ও কৃষিক্ষেত্রে রাসায়নিক সারের ভারসাম্যপূর্ণ ব্যবহারের লক্ষ্যে দেশজুড়ে ৭ লক্ষ ১৭ হাজার কৃষককে সচেতন করেছে ভারতীয় কৃষি গবেষণা পরিষদ (আইসিএআর)। কেন্দ্রীয় কৃষি মন্ত্রকের পক্ষ থেকে শুক্রবার জানানো হয়েছে, ‘ক্ষেত বাঁচাও অভিযান’-এর আওতায় এই সচেতনতামূলক কর্মসূচি চালানো হচ্ছে।
মন্ত্রকের বিবৃতি অনুযায়ী, দেশজুড়ে মোট ১২ হাজার ৯৭৯টি সচেতনতা শিবির ও সেমিনারের আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে সরাসরি ৭.১৭ লক্ষ কৃষকের কাছে পৌঁছনো সম্ভব হয়েছে। পাশাপাশি ৩ হাজার ১৪৫টি প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিয়েছেন ১ লক্ষ ১১ হাজার ৫০৯ জন। সবুজ সার, জৈব সার ও জৈব উৎস ব্যবহারের উপর ৭ হাজার ৯২৮টি ক্ষেত্র-প্রদর্শনের মাধ্যমে কৃষকদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
এছাড়াও পঞ্চায়েত প্রতিনিধি, প্রধান ও জেলা পরিষদের সদস্যদের অংশগ্রহণে ৪ হাজার ৯১৬টি জন প্রতিনিধি সম্মেলনের আয়োজন করা হয়েছে। কৃষক উৎপাদক সংগঠন (এফপিও), স্বনির্ভর গোষ্ঠী (এসএইচজি) ও কৃষক গোষ্ঠীর মাধ্যমে ৮ হাজার ৩৮৩ জন কৃষককে যুক্ত করা হয়েছে।
কৃষি মন্ত্রক জানিয়েছে, প্রচারের জন্য দেশজুড়ে ৫৩ হাজার ৬১৬টি স্থানে ব্যানার, পোস্টার ও হোর্ডিং লাগানো হয়েছে। পাশাপাশি ৯৪৪টি রেডিও আলোচনা ও ২০০টি টিভি এবং ডিজিটাল অনুষ্ঠানের মাধ্যমে প্রচার চালানো হয়েছে। সামাজিক মাধ্যমের মাধ্যমে এই প্রচারাভিযান ইতিমধ্যেই প্রায় ২.৭১ কোটি মানুষের কাছে পৌঁছে গিয়েছে।
‘ক্ষেত বাঁচাও অভিযান’-এর মূল লক্ষ্য হল মাটি পরীক্ষাভিত্তিক সার ব্যবস্থাপনাকে উৎসাহ দেওয়া এবং রাসায়নিক সারের অতিরিক্ত ব্যবহার কমিয়ে দীর্ঘমেয়াদে কৃষিক্ষেত্রে স্থায়িত্ব বজায় রাখা।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য