
বাঁকুড়া, ২২ মে (হি.স.) : জয়পুরে পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ তথা তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতা জাকির খানকে মারধরের ঘটনায় কোতুলপুরের প্রাক্তন বিধায়ক হরকালি প্রতিহারের ভাই মৃত্যুঞ্জয় প্রতিহারকে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার তাঁকে বিষ্ণুপুর আদালতে তোলা হয়।
জানা গিয়েছে, ভোটের পরদিন দলীয় কাজে যাওয়ার সময় জয়পুর এলাকায় অতর্কিতে হামলার শিকার হন জাকির খান। এলাকার প্রভাবশালী তৃণমূল নেতা নিজের এলাকাতেই আক্রান্ত হওয়ায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। প্রথমে ঘটনায় বিজেপির বিরুদ্ধে অভিযোগ উঠলেও পরে তা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জের বলেই এলাকায় কানাঘুষো শুরু হয়।
পুলিশি তদন্তে হামলার ঘটনায় মৃত্যুঞ্জয় প্রতিহারের নাম উঠে আসে। এরপরই তাঁকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, হরকালি প্রতিহার ২০২১ সালে বিজেপির টিকিটে কোতুলপুর কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হওয়ার পর তৃণমূল কংগ্রেসে যোগ দেন। এবারের নির্বাচনে তিনি তৃণমূল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করলেও পরাজিত হন।
হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট