
পশ্চিম বর্ধমান , ২২ মে (হি.স.): কাঁকসার বামুনাড়া শিল্পতালুকের একটি বেসরকারি ইস্পাত কারখানায় শুক্রবার বিস্ফোরণে আহত হলেন ৪ জন ঠিকা শ্রমিক। তাঁদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। শ্রমিকদের দাবি, কারখানার একটি ফার্নেসে আচমকা বিস্ফোরণ হয়। সেই সময় ওই ৪ জন শ্রমিক সেখানে কাজ করছিলেন। আগুন ছিটকে আসায় তাঁরা গুরুতর আহত হন।
কারখানার শ্রমিকদের সূত্রে জানা গেছে, শুক্রবার প্রতিদিনের মতোই কারখানার ফার্নেসের সামনে কাজ করছিলেন বেশ কয়েকজন ঠিকা শ্রমিক। আচমকাই বিকট শব্দে সেই ফার্নেসে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের শব্দ শুনে কারখানার অন্যান্য কর্মী ও নিরাপত্তারক্ষীরা ছুটে আসেন। তাঁরাই দ্রুত ৪ শ্রমিককে উদ্ধার করে
রাজবাঁধের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তাঁরা।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ