
নয়াদিল্লি, ২২ মে (হি.স.): তীব্র গরম থেকে এখনই নিস্তার পাবে না রাজধানী দিল্লি। পাশাপাশি পঞ্জাব ও হরিয়ানা-সহ দেশের একাধিক রাজ্যে জারি করা হয়েছে কমলা সতর্কতা। বিভিন্ন রাজ্যে বিরাজমান তাপপ্রবাহ পরিস্থিতি প্রসঙ্গে আইএমডি-র বিজ্ঞানী ডঃ নরেশ কুমার বলেন, আগামী কয়েকদিনের জন্য পঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উপকূলীয় অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানায় 'কমলা' সতর্কতা জারি করা হয়েছে। আগামী তিন দিনের জন্য উত্তর প্রদেশের দক্ষিণাঞ্চল, বিদর্ভ অঞ্চল এবং উত্তর উপকূলীয় অন্ধ্রপ্রদেশে 'লাল' সতর্কতা জারি করা হয়েছে। উত্তর-পশ্চিম ভারত, মধ্য ভারত এবং পূর্ব ভারত জুড়ে তাপপ্রবাহ পরিস্থিতি আগামী ৫-৭ দিন অব্যাহত থাকবে। পশ্চিম হিমালয়ে একটি পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হওয়ার কারণে আগামী ৩-৪ দিনে জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী ৬-৭ দিন দিল্লি-এনসিআর-এ তাপমাত্রা ৪৪-৪৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ