
lকলকাতা, ২২মে (হি. স.) : কলকাতা পুরসভার ৫৪তম মাসিক অধিবেশন শুক্রবার একেবারে শেষ মুহূর্তে বাতিল ঘোষণা করা হয়েছে। পুরসভার তরফে এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করা হলেও, অধিবেশন বাতিলের সুনির্দিষ্ট কোনও কারণ দর্শানো হয়নি। বিজ্ঞপ্তিতে কেবল 'অনিবার্য কারণ'-এর কথাই উল্লেখ করা হয়েছে।
বিশেষ বিষয় হল, অধিবেশন বাতিলের এই শেষ মুহূর্তের আদেশনামায় স্বাক্ষর করেছেন পুর-সচিব স্বপন কুমার কুণ্ডু। বৃহস্পতিবারই ছিল তাঁর কর্মজীবনের শেষ কাজের দিন। এরপরই রাজ্য সচিবালয় নবান্নের কর্মী ও প্রশাসনিক সংস্কার দফতরের পক্ষ থেকে তাঁর বদলির নির্দেশিকা জারি করা হয়।
প্রসঙ্গত, অষ্টাদশ বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে গত ৩০ এপ্রিল কলকাতা পুরসভার ৫৩তম মাসিক অধিবেশনটি কেন্দ্রীয় পুরভবনে সম্পন্ন হয়েছিল। পুরসভার নতুন বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে যে, পরবর্তী অধিবেশনের দিনক্ষণ ও সময় যথাসময়ে বিজ্ঞপ্তি মারফত জানিয়ে দেওয়া হবে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত