
আরামবাগ, ২২ মে (হি.স.) : সাধারণ মানুষের জন্য স্বাস্থ্য পরিষেবাকে আরও উন্নত ও গতিশীল করে তুলতে কামারপুকুর গ্রামীণ হাসপাতালে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হল। শুক্রবার হাসপাতালের চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের সঙ্গে এই বৈঠক করেন গোঘাটের বিধায়ক প্রশান্ত দিগার।
বৈঠকে হাসপাতালের বর্তমান পরিষেবা ব্যবস্থা, রোগীদের চিকিৎসা সংক্রান্ত সমস্যা, পরিকাঠামো উন্নয়ন এবং সামগ্রিক স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা তাঁদের দৈনন্দিন কাজের অভিজ্ঞতা ও প্রয়োজনীয়তার বিষয়গুলি বিধায়কের সামনে তুলে ধরেন।
বিধায়ক প্রশান্ত দিগার সকলের বক্তব্য শোনেন এবং স্বাস্থ্য পরিষেবাকে আরও উন্নত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। তিনি বলেন, সাধারণ মানুষের কাছে দ্রুত ও উন্নত চিকিৎসা পৌঁছে দেওয়াই সরকারের মূল লক্ষ্য, সেই লক্ষ্য পূরণে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে সমন্বয় রেখে কাজ করা হবে।
বৈঠকে হাসপাতালের বিভিন্ন বিভাগের উন্নয়ন, পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জাম, রোগী পরিষেবার গতি বৃদ্ধি এবং পরিকাঠামো উন্নয়নের বিষয়েও আলোচনা হয়। উপস্থিত স্বাস্থ্যকর্মীরা হাসপাতালের উন্নয়নের স্বার্থে একাধিক পরামর্শ দেন। এই বৈঠককে ঘিরে ইতিবাচক সাড়া মিলেছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA