পশুখাদ্য কেলেঙ্কারির মামলায় লালুপ্রসাদকে সিঙ্গাপুর যাওয়ার অনুমতি, পাসপোর্ট ফেরতের নির্দেশ আদালতের
রাঁচি, ২২ মে (হি.স.) : পশুখাদ্য কেলেঙ্কারির মামলায় দোষী সাব্যস্ত বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদবকে সিঙ্গাপুর যাওয়ার অনুমতি দিল রাঁচির আদালত। রাঁচির অতিরিক্ত বিচারপতি অখিলেশ কুমার তিওয়ারির আদালত শুক্রবার তাঁর পাসপোর
পশুখাদ্য কেলেঙ্কারির মামলায় লালুপ্রসাদকে সিঙ্গাপুর যাওয়ার অনুমতি, পাসপোর্ট ফেরতের নির্দেশ আদালতের


রাঁচি, ২২ মে (হি.স.) : পশুখাদ্য কেলেঙ্কারির মামলায় দোষী সাব্যস্ত বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদবকে সিঙ্গাপুর যাওয়ার অনুমতি দিল রাঁচির আদালত। রাঁচির অতিরিক্ত বিচারপতি অখিলেশ কুমার তিওয়ারির আদালত শুক্রবার তাঁর পাসপোর্ট মুক্ত করার নির্দেশ দিয়েছে। আদালতের এই সিদ্ধান্তের ফলে জুন মাসের প্রথম সপ্তাহেই স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর যেতে পারবেন লালুপ্রসাদ।

জানা গিয়েছে, কিডনি প্রতিস্থাপনের পর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরের চিকিৎসকেরা লালুপ্রসাদকে ডেকেছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ১ জুনের পরে রুটিন চেকআপের জন্য তাঁর সিঙ্গাপুর যাওয়ার কথা রয়েছে। সেই কারণেই আদালতে পাসপোর্ট ফেরতের আবেদন করেছিলেন তিনি। আদালত সেই আবেদন মঞ্জুর করেছে।

উল্লেখযোগ্যভাবে, ২০২২ সালের ডিসেম্বর মাসে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে লালুপ্রসাদের কিডনি প্রতিস্থাপন করা হয়েছিল। তারপর থেকেই তিনি নিয়মিত চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন এবং সময়ে সময়ে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে আসছেন।

লালুপ্রসাদ বহুচর্চিত পশুখাদ্য কেলেঙ্কারির মামলায় দোষী সাব্যস্ত। ডোরান্ডা, চাইবাসা, দেওঘর এবং দুমকা কোষাগার থেকে বেআইনি অর্থ তোলার মামলায় তাঁকে দোষী সাব্যস্ত করা হয়েছিল। ১৯৯০ থেকে ১৯৯৬ সালের মধ্যে সরকারি কোষাগার থেকে ভুয়ো বিল ও নথির মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছিল এই কেলেঙ্কারিতে।

তদন্তকারী সংস্থার দাবি, শুধু ডোরান্ডা কোষাগার থেকেই প্রায় ১৩৯ কোটি টাকা বেআইনিভাবে তোলা হয়েছিল। এই মামলায় একাধিক সরকারি আধিকারিক ও রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছিল।

আদালতের অনুমতির পর নির্ধারিত সময়েই সিঙ্গাপুর গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করাতে পারবেন লালুপ্রসাদ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande