
বর্ধমান, ২২ মে (হি.স.): বর্ধমানের প্রশাসনিক ভবনে শুক্রবার লিফট বিভ্রাটে আটকে পড়লেন দু'জন। দ্রুত উদ্ধার কাজে নামেন জেলা প্রশাসনের কর্মীরা। ঘটনাস্থলে আসেন জেলাশাসক শ্বেতা আগরওয়াল। লিফটের দরজার ফাঁক দিয়ে আটকে থাকা দু'জনকে আশ্বস্ত করা হয়। বিপর্যয় মোকাবিলা দফতর ও দমকল কর্মীরাও পৌঁছন। প্রায় ২৫ মিনিটের চেষ্টায় দু'জনকে নিরাপদে উদ্ধার করা হয়। এই ভবনেই রয়েছে বর্ধমান সদর উত্তর মহকুমাশাসক এবং জেলাশাসক দফতর-সহ বিভিন্ন প্রশাসনিক বিভাগ। কর্মীদের অভিযোগ, ভবনে থাকা তিনটি লিফটই মাঝেমধ্যেই বিকল হয়ে পড়ে। কেন এই সমস্যা বারবার হচ্ছে, খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ