
কলকাতা, ২২ মে (হি.স.): আগামী রবিবার (২৪ মে) ইউপিএসসি (প্রিলিমিনারি) পরীক্ষার জন্য ব্লু লাইন ও গ্রিন লাইনে অতিরিক্ত মেট্রো পরিষেবার ঘোষণা করা হয়েছে। পরীক্ষার্থী, অভিভাবক এবং অন্যান্য যাত্রীদের ভোরের দিকে যাতায়াতের সুবিধার্থে এই দুই শাখায় অতিরিক্ত মেট্রো পরিষেবা চালানো হবে। যদিও প্রান্তিক স্টেশনগুলি থেকে শেষ মেট্রো ছাড়ার সময়সূচি অপরিবর্তিত থাকবে।
শুক্রবার মেট্রো সূত্রে জানা গেছে, আগামী রবিবার ব্লু ও গ্রিন লাইনে সকাল ৭টা থেকে চালু হবে মেট্রো। এমনিতে প্রতি রবিবার সকাল ৯টা থেকে মেট্রো পাওয়া যায়। কিন্তু রবিবার ইউপিএসসি পরীক্ষার কারণে ২ ঘণ্টা আগেই মিলবে মেট্রো পরিষেবা। ওইদিন সকাল ৭টায় প্রথম মেট্রো চালু হবে ডাউনে দক্ষিণেশ্বর, দমদম এবং আপ লাইনে মহানায়ক উত্তম কুমার ও শহিদ ক্ষুদিরাম থেকে। সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত প্রতি আধঘণ্টা অন্তর মেট্রো পাওয়া যাবে। তারপর থেকে নির্দিষ্ট সময় পরপর পরিষেবা মিলবে। রাতের শেষ মেট্রোর সময়সূচিতে অবশ্য কোনও বদল নেই। তা প্রতি রবিবারের মতোই পাওয়া যাবে। অন্যান্য সপ্তাহে রবিবার ব্লু লাইনে আপ-ডাউনে চলে ১৫২টি মেট্রো। আগামী রবিবার চলবে ১৬০টি মেট্রো।
অন্যদিকে, গ্রিন লাইনেও সকাল ৭টা থেকে শুরু হবে মেট্রো পরিষেবা। হাওড়া ময়দান ও সল্টলেক সেক্টর ফাইভ - দু'দিক থেকেই সকাল ৭টা থেকে চালু হবে মেট্রো। সকাল ৯টা পর্যন্ত প্রতি আধঘণ্টা পরপর মেট্রো পাওয়া যাবে। অন্যান্য রবিবার গ্রিন লাইনের আপ-ডাউনে চলে মোট ১০৮টি মেট্রো। তবে এই রবিবার চলবে ১১৬টি মেট্রো।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ