
গুয়াহাটি, ২২ মে (হি.স.) : তিনসুকিয়া ডিভিশনের অন্তর্গত শিমলুগুড়ি-মরানহাট সেকশনে, পারমানেন্ট স্পিড রেসট্রিকশন (পিএসআর) স্থায়ীভাবে অপসারণের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ কার্ভ রিএলাইনমেন্ট কাজ সফলভাবে সম্পন্ন করেছে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে। পরিকাঠামোগত এই উল্লেখযোগ্য উন্নয়নকাজের আওতায় বিদ্যমান ৩-ডিগ্রি কার্ভটিকে ট্র্যাক কেটে ও সংযোগের মাধ্যমে একটি আরও সুগম ২-ডিগ্রি কার্ভে রূপান্তরিত করা হয়, পাশাপাশি ওভারহেড ইকুইপমেন্ট (ওএইচই)-এর খুঁটি ও তারগুলিও স্থানান্তরিত করা হয়েছে। ট্রাফিক ব্লক চলাকালীন ইঞ্জিনিয়ারিং, অপারেটিং এবং ট্র্যাকশন ডিস্ট্রিবিউশন (টিআরডি) বিভাগের মধ্যে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে কাজটি সফলভাবে সম্পন্ন হয়েছে।
আজ শুক্রবার উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা এক বিবৃতি এ খবর দিয়ে জানান, ব্লক চলাকালীন বিদ্যমান ৩-ডিগ্রি কার্ভটিকে প্রায় ৫০০ মিটার দৈর্ঘ্যের নতুনভাবে প্রস্তুতকৃত ভিত্তির ওপর স্থাপন করা হয়, নতুনভাবে বিন্যস্ত একটি ২-ডিগ্রি কার্ভের সাথে নির্বিঘ্নে সংযুক্ত করা হয়। এই প্রকল্পে সর্বোচ্চ ৭.৭ মিটার ট্র্যাক স্লিউ অন্তর্ভুক্ত ছিল এবং এটি অত্যন্ত নিখুঁতভাবে ও পূর্ণ সুরক্ষার সাথে সম্পন্ন করা হয়েছে। ট্রেন চলাচল সুগম ও সুরক্ষিত নিশ্চিত করার লক্ষ্যে, প্রথম ট্রেনটি অতিক্রম করার আগেই একটি ডুওম্যাটিক মেশিন ব্যবহার করে মেশিন ট্যাম্পিংয়ের কাজও সম্পন্ন করা হয়।
এই গুরুত্বপূর্ণ পরিকাঠামো কাজের সফল সমাপ্তির ফলে ৫০০ মিটার দৈর্ঘ্যের অংশে বিদ্যমান ৯৫ কিমি/ঘণ্টা গতিবেগের পারমানেন্ট স্পিড রেস্ট্রিকশন স্থায়ীভাবে অপসারণ করা হয়েছে এবং বর্তমানে এই সেকসন ১১০ কিমি/ঘণ্টা ম্যাক্সিমাম পারমিসিবল স্পিড (এমপিএস)-এর জন্য উপযুক্ত। এই উন্নয়নের ফলে ট্রেনের চলাচল উল্লেখযোগ্যভাবে উন্নত হবে, সময়ানুবর্তিতা বৃদ্ধি পাবে এবং এই সেকশনে ট্রেন চলাচল আরও সুগম ও দক্ষ হয়ে উঠবে।
হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা দাস