
কলকাতা, ২২ মে (হি.স.): প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সি এবং তাঁর স্বামী তথা তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে আগামী ১৯ জুন পর্যন্ত কোনও কড়া পদক্ষেপ করা হবে না। শুক্রবার কলকাতা হাই কোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে রাজ্যের কৌঁসুলি মৌখিক ভাবে এই কথা জানান। আয়-বহির্ভূত সম্পত্তির মামলা রুজু করে গ্রেফতার করা হতে পারে, এই আশঙ্কায় রক্ষাকবচ চেয়ে মামলা করেছিলেন অদিতি ও দেবরাজ। প্রসঙ্গত, অদিতি নির্বাচনী হলফনামায় সম্পত্তির ব্যাপারে ঠিক তথ্য দেননি বলে আগেই অভিযোগ উঠেছিল।
আয়-বহির্ভূত সম্পত্তি মামলায় আপাতত আগাম জামিন পেলেন না অদিতি মুন্সি ও দেবরাজ চক্রবর্তী। তবে ১৯ জুন পর্যন্ত তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করবে না পুলিশ, কলকাতা হাইকোর্টে এই আশ্বাস দিয়েছেন রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল। সেই আশ্বাসের ভিত্তিতেই আপাতত দু’জনের রক্ষাকবচ ঝুলে রইল। মামলার পরবর্তী শুনানি হবে ১৯ জুন। ওইদিন তদন্তের অগ্রগতি নিয়ে আদালতে রিপোর্ট জমা দেবে পুলিশ।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ