
কলকাতা, ২২ মে (হি. স.) : সমস্ত সরকারি বাসে রাজ্যের মহিলাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াত পরিষেবা চালু হতে চলেছে। শুক্রবার রাজ্য পরিবহণ দপ্তরের তরফে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ১ জুন থেকেই এই নতুন প্রকল্প কার্যকর হবে। সরকারের দাবি, মহিলাদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও সহজ যাতায়াত নিশ্চিত করতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, স্বল্প ও দীর্ঘ—উভয় দূরত্বের সমস্ত ধরনের সরকারি বাসেই মহিলারা এই সুবিধা পাবেন। তবে এই পরিষেবা পাওয়ার প্রক্রিয়াকে সুশৃঙ্খল করতে যাত্রীদের জন্য একটি বিশেষ স্মার্ট কার্ডের ব্যবস্থা চালু করা হচ্ছে। সংশ্লিষ্ট ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক (বিডিও) বা সদর মহকুমা শাসক (এসডিও) অফিসে প্রয়োজনীয় নথি জমা দিয়ে আবেদন জানালে এই কার্ড সংগ্রহ করা যাবে। এই বিশেষ স্মার্ট কার্ডে উপভোক্তার ছবি এবং পরিচয় সংক্রান্ত তথ্যের পাশাপাশি একটি কিউআর (কিউআর) কোডও থাকবে। এই কার্ডের আবেদনের জন্য ভোটার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট কিংবা অন্যান্য বৈধ সরকারি পরিচয়পত্র জমা দেওয়া যাবে।
তবে পরিবহণ দপ্তর স্পষ্ট করেছে যে, কার্ড তৈরির প্রক্রিয়া চলাকালীন পরিষেবা বন্ধ থাকবে না। যতদিন না এই স্মার্ট কার্ড চালু হচ্ছে, ততদিন পর্যন্ত বাসে থাকা কন্ডাক্টরকে যে কোনও একটি বৈধ ফটো পরিচয়পত্র দেখালেই মহিলারা ‘জিরো ভ্যালু টিকিট’ (বিনামূল্যে ভ্রমণের টিকিট) পেয়ে যাবেন। পরিবহণ দপ্তরের দাবি, সাধারণ ও কর্মজীবী মহিলাদের দৈনিক যাতায়াত খরচ কমানো এবং সেই সঙ্গে সরকারি পরিবহণ ব্যবস্থার ব্যবহার ও কার্যকারিতা বাড়াতেই এই জনকল্যাণমুখী সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত