জাতীয় ক্রীড়া উন্নয়ন তহবিলের অপব্যবহারের অভিযোগে কেন্দ্রকে নিশানা জয়রাম রমেশের
নয়াদিল্লি, ২২ মে (হি.স.) : জাতীয় ক্রীড়া উন্নয়ন তহবিল (এনএসডিএফ)-এর অপব্যবহারের অভিযোগ তুলে কেন্দ্রীয় সরকার এবং আমলাদের তীব্র আক্রমণ করলেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। তাঁর অভিযোগ, দেশের শীর্ষ ক্রীড়াবিদদের উন্নয়নের জন্য নির্ধারিত তহবিল ব্যবহার করা হয়েছে
জাতীয় ক্রীড়া উন্নয়ন তহবিলের অপব্যবহারের অভিযোগে কেন্দ্রকে নিশানা জয়রাম রমেশের


নয়াদিল্লি, ২২ মে (হি.স.) : জাতীয় ক্রীড়া উন্নয়ন তহবিল (এনএসডিএফ)-এর অপব্যবহারের অভিযোগ তুলে কেন্দ্রীয় সরকার এবং আমলাদের তীব্র আক্রমণ করলেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। তাঁর অভিযোগ, দেশের শীর্ষ ক্রীড়াবিদদের উন্নয়নের জন্য নির্ধারিত তহবিল ব্যবহার করা হয়েছে আইএএস আধিকারিকদের বিলাসবহুল বাংলো এবং ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ক্রীড়া কমপ্লেক্স তৈরিতে।

শুক্রবার সমাজমাধ্যম ‘এক্স’-এ জয়রাম রমেশ লেখেন, এনএসডিএফ মূলত ‘টার্গেট অলিম্পিক পোডিয়াম স্কিম’ (টপস)-কে আর্থিক সহায়তা দেয়, যা অলিম্পিক স্তরের ক্রীড়াবিদদের প্রস্তুতির জন্য সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প। তিনি দাবি করেন, ২০২৩-২৪ অর্থবর্ষে এনএসডিএফ-এ অনুদানের পরিমাণ ছিল ৮৫.২৬ কোটি টাকা, যা ২০২৫-২৬ অর্থবর্ষে কমে দাঁড়িয়েছে মাত্র ৩৭.০২ কোটি টাকায়।

জয়রাম রমেশ জানান, সংসদের শিক্ষা, মহিলা, শিশু, যুব ও ক্রীড়া বিষয়ক স্থায়ী কমিটি ২০২৫ সালের অগস্ট মাসেই বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল। ওই কমিটির রিপোর্টে অভিযোগ করা হয়, ক্রীড়াবিদদের উন্নয়নের জন্য নির্ধারিত অর্থ আইএএস আধিকারিকদের আবাসন এবং ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ক্রীড়া পরিকাঠামো নির্মাণে ব্যবহার করা হচ্ছে। পরে একটি সংবাদপত্রও এ সংক্রান্ত আর্থিক অনিয়মের বিস্তারিত রিপোর্ট প্রকাশ করে।

কংগ্রেস নেতা বলেন, “যে তহবিল অলিম্পিকে পদক জয়ের দাবিদার খেলোয়াড়দের প্রস্তুত করতে ব্যবহার হওয়ার কথা ছিল, তা দিয়ে আমলাদের বিলাসবহুল বাংলো সাজানো হয়েছে।” তাঁর মতে, ভবিষ্যতে অলিম্পিক আয়োজনের স্বপ্ন দেখছে ভারত, এমন পরিস্থিতিতে ক্রীড়াবিদদের জন্য বরাদ্দ অর্থের এই ধরনের অপব্যবহার দেশের খেলোয়াড়দের মনোবল ভেঙে দিতে পারে।

জয়রাম আরও অভিযোগ করেন, সংসদীয় স্থায়ী কমিটির রিপোর্টটি শুধুমাত্র বিরোধী দলের সদস্যরা কমিটিতে থাকায় গুরুত্ব দেওয়া হয়নি এবং কার্যত উপেক্ষা করা হয়েছে। তিনি বলেন, “এখন দেখার বিষয় ক্রীড়া মন্ত্রক আইএএস লবির বিরুদ্ধে কোনও সংশোধনমূলক পদক্ষেপ নেয় কি না, নাকি এই সংবেদনশীল বিষয়েও রাজনীতি করা হয়।”

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande