
উত্তর ২৪ পরগনা, ২২ মে (হি.স.): ২০২১ সালের বিধানসভা ভোট-পরবর্তী হিংসা মামলায় গ্রেফতার হলেন গাইঘাটা ব্লকের ইছাপুর ১ পঞ্চায়েতের উপপ্রধান তথা তৃণমূল নেতা কার্তিক ঘোষ। বৃহস্পতিবার পুলিশ তাঁকে গ্রেফতার করেছে। শুক্রবার দুপুরে তাঁকে বনগাঁ মহকুমা আদালতে তোলা হবে। অভিযোগ, বিজেপি কর্মীদের বাড়িতে হামলা ও ভাঙচুর করেছিলেন তৃণমূল নেতা কার্তিক।
এদিকে, মুর্শিদাবাদ থানার ডাঙাপাড়ার এক তৃণমূল নেতা গ্রেফতার হয়েছেন। ধৃতের নাম সাজু মণ্ডল। বৃহস্পতিবার রাতে পুলিশ তাঁকে গ্রেফতার করে বাড়ি থেকে। শুক্রবার তাঁকে আদালতে তোলা হবে বলে জানা গেছে। তবে কী কারণে তাঁকে গ্রেফতার করা হয়েছে তা স্পষ্ট জানা যায়নি। সূত্রের খবর, কোনও এক কন্ট্রাক্টরের কাছ থেকে টাকা তোলা চাওয়ার অভিযোগেই গ্রেফতার করা হয়েছে তাঁকে।
অন্যদিকে, পুরনো একটি মারামারির ঘটনায় যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার হলেন বাঁকুড়া জেলার কোতুলপুরের প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল নেতা হরকালী প্রতিহারের ভাই মৃত্যুঞ্জয় প্রতিহার। তিনি জয়পুরের পাথরপুকুরে একটি মারামারির ঘটনায় যুক্ত ছিলেন বলে অভিযোগ। শুক্রবার তাঁকে বিষ্ণুপুর আদালতে তোলা হয়। এর আগেও তৃণমূলের এক নেতাকে মারধরের অভিযোগ উঠেছিল মৃত্যুঞ্জয়ের বিরুদ্ধে।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ