
দুর্গাপুর, ২২ মে (হি.স.) : চাকরি দেওয়ার নাম করে আর্থিক প্রতারণার অভিযোগ উঠল পাণ্ডবেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে জোর চর্চা। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন প্রাক্তন বিধায়ক। উল্টে তাঁর দাবি, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁকে ফাঁসানোর চেষ্টা চলছে।
অভিযোগ, ইসিএলের শোনপুরবাজারি কোলিয়ারিতে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এলাকার ১৫ জন যুবকের কাছ থেকে টাকা নেওয়া হয়। পাণ্ডবেশ্বর থানার জোয়ালভাঙা গ্রামের বাসিন্দা খগেন্দ্রনাথ মণ্ডল গত ২১ মে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তাঁর দাবি, প্রত্যেকের কাছ থেকে ২ লক্ষ টাকা করে মোট ৩০ লক্ষ টাকা দাবি করা হয়েছিল। ধাপে ধাপে ২০ লক্ষ টাকা সংগ্রহ করে তা নরেন্দ্রনাথ চক্রবর্তীর হাতে তুলে দেওয়া হয় বলে অভিযোগ।
খগেন্দ্রনাথ মণ্ডলের অভিযোগ, চাকরির আশায় বহু পরিবার ধারদেনা করে টাকা জোগাড় করেছিল। দীর্ঘদিন কেটে গেলেও চাকরি হয়নি, এমনকি টাকা ফেরত চেয়েও কোনও সুরাহা মেলেনি। বাধ্য হয়েই থানার দ্বারস্থ হয়েছেন বলে জানান তিনি। তাঁর দাবি, চাকরি না হওয়া এবং টাকা ফেরত না পাওয়ায় বহু পরিবার আর্থিক সঙ্কটে পড়েছে।
তবে এই অভিযোগ সামনে আসার আগেই গত ১৯ মে পাণ্ডবেশ্বর থানায় খগেন্দ্রনাথ মণ্ডলের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ দায়ের করেছিলেন নরেন্দ্রনাথ চক্রবর্তী। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেন, “আমাকে রাজনৈতিকভাবে ফাঁসানোর চেষ্টা চলছে। আমি সবসময় মানুষের পাশে থেকেছি। আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।”
ঘটনার তদন্ত শুরু করেছে পাণ্ডবেশ্বর থানার পুলিশ।
হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা