
বাহরাইচ, ২২ মে ( হি.স.): নিষিদ্ধ ওষুধ বিক্রয়ের অভিযোগে ভারত-নেপাল আন্তর্জাতিক সীমান্তবর্তী অঞ্চল থেকে উত্তর প্রদেশের বাহরাইচ পুলিশ গ্রেফতার করলো একজনকে। শুক্রবার দুপুরে নেপাল রোড সংলগ্ন কেবলপুর এলাকায়। এদিন পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতের নাম ওমপ্রকাশ সোনি। তল্লাশি চালিয়ে পুলিশ ধৃতের কাছ থেকে উদ্ধার করেছে ১৫ বোতল নিষিদ্ধ কোডিনযুক্ত কফ সিরাপ।
এদিন এক পুলিশ আধিকারিক জানিয়েছেন , ধৃত ব্যক্তি দীর্ঘদিন ধরেই ঠান্ডা পানীয়ের দোকানের আড়ালে নিষিদ্ধ ওষুধের (কফ সিরাপ ) ব্যবসা চালাচ্ছিল বলে অভিযোগ। অভিযোগের ভিত্তিতে শুক্রবার নেপাল রোড সংলগ্ন কেবলপুর এলাকার দোকানগুলিতে তল্লাশি অভিযান চালানো হয়। অবশেষে রানা পেট্রোল পাম্পের কাছে অবস্থিত একটি ঠান্ডা পানীয়ের দোকানে তল্লাশি চালানোর পর উদ্ধার হয় বেশ কয়েকটি নিষিদ্ধ ওষুধের বোতল। ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয় ওমপ্রকাশকে। আরও জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি কোনও রকম বৈধ নথিপত্র ছাড়াই এই নিষিদ্ধ ওষুধের ব্যবসা চালাচ্ছিল । এর আগেও ওমপ্রকাশের বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক