
কলকাতা,২২ মে (হি.স.) : ১১ জুন থেকে আমেরিকা, মেক্সিকো ও কানাডাতে পর্দা উঠছে গ্রেটেস্ট শো অন আর্থ-বিশ্বকাপ ফুটবলের। আর এবার সেই মহাযজ্ঞে অভিষেক হতে যাচ্ছে চারটি দেশের, যারা এবারই প্রথমবার লড়বে এই বিশ্বমঞ্চে।
এর মধ্যে আছে এশিয়ার শক্তিশালী দেশ উজবেকিস্তান। এই দেশটি বহু বছর লড়াই করে এবার বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে । এটাই তাদের প্রথম বিশ্বকাপ।
উজবেকিস্তান এর আগে ২০০৬ জার্মানি ও ২০১৪ ব্রাজিল বিশ্বকাপের বাছাইপর্বে খুব কাছাকাছি গিয়েও মূল আসরের টিকিট পায়নি। তবে এবার আর হতাশ করেনি তারা। দীর্ঘ প্রতীক্ষার পর তাদের বিশ্বকাপ খেলার স্বপ্ন সার্থক হয়েছে।
বর্তমান দলটিতে বেশ কয়েকজন প্রতিভাবান ফুটবলার আছে । তাদের মধ্যে আলোচিত নাম আবদুখোদির খুসানভ। তিনি এই দলের ডিফেন্ডার। ম্যানচেস্টার সিটিতে খেলা এই তারকা প্রথম উজবেক ফুটবলার হিসেবে ইংলিশ প্রিমিয়ার লিগে মাঠে নেমে উজবেকিস্তানের ফুটবলে এক নতুন যুগের সূচনা
করেছিলেন।
এবারের বিশ্বকাপে অভিষেককারী আরেক দল হল জর্ডান। বহু বছরের চেষ্টার পর ফিফা বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখা তাদের পূরণ হয়েছে। চার দশক আগে প্রথমবার বিশ্বকাপ বাছাইপর্বে অংশ নেওয়া পশ্চিম এশিয়ার এই দেশটি এবারই প্রথমবারের মতো বিশ্বমঞ্চে খেলার সুযোগ পেয়েছে।
২০২৬ বিশ্বকাপের এশিয়ান বাছাইপর্বে দুর্দান্ত পারফরম্যান্স করে এএফসি গ্রুপ ‘বি’ থেকে দক্ষিণ কোরিয়ার পেছনে থেকে রানার্সআপ হয়ে এবারের বিশ্বকাপের টিকিট পেয়েছে জর্ডান।
জর্ডানের ফুটবল যাত্রায় পরিচিত কিছু আন্তর্জাতিক কোচের ও অবদান আছেন। যার মধ্যে আছে ২০১৮ রাশিয়া বিশ্বকাপের বাছাইপর্বে দলটির দায়িত্বে ছিলেন ইংল্যান্ডের অভিজ্ঞ কোচ হ্যারি রেডনাপ।
এরপর যে দেশটি এবার বিশ্বকাপে অভিষেক ঘটাল সেই কুরাসাও তো একটা বিষ্ময়কর নাম।
জ্যামাইকার বিপক্ষে ড্র করে প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপে জায়গা পেয়েছে ক্যারিবিয়ান অঞ্চলের ছোট্ট দ্বীপ রাষ্ট্র কুরাসাও। এবারের বিশ্বকাপে অংশ নেওয়া ইতিহাসের অন্যতম ক্ষুদ্র দেশ এই কুরাসাও। মাত্র প্রায় দেড় লাখ মানুষের বাস এই দ্বীপে। এই দেশটার আয়তন মাত্র ১৭১ বর্গমাইল। তবুও সীমিত সম্পদ আর ছোট পরিসরের দেশ হয়েও বিশ্বকাপে খেলবে। ভাবা যায়! ১৪০ কোটি মানুষের দেশ হয়ে হাজার চেষ্টাতেও পারে নি ভারত!
কুরাশাওএর বিশ্ব কাপে আসার পেছনে যার বড় অবদান আছে তিনি হলেন ৭৮ বছর বয়সী অভিজ্ঞ ডাচ কোচ ডিক অ্যাডভোকাট। তার অধীনেই বদলে গেছে দেশটির ফুটবলের চিত্র।
ভেনেজুয়েলার উপকূল থেকে মাত্র ৩৭ মাইল দূরে অবস্থিত কুরাসাও। ২০১০ সালে নেদারল্যান্ডস অ্যান্টিলিস ভেঙে যাওয়ার পর নেদারল্যান্ডসের অন্তর্ভুক্ত স্বশাসিত দেশ হিসেবে নতুন পরিচয় পায় কুরাসাও। এরপর ধীরে ধীরে বিশ্ব ফুটবলে নিজেদের অবস্থান শক্ত করেছে তারা। এক সময় ফিফা র্যাঙ্কিংয়ে ১৫০-এর নিচের সারিতে থাকা কুরাসাও আজ উঠে এসেছে ৮০-তে। কুরাসাও এর এই সাফল্য দেখে লজ্জা পাচ্ছে ভারতের ১৪০ কোটি মানুষ!
বিশ্বকাপে এবার অভিষেক হতে চলেছে আফ্রিকার পশ্চিম উপকূলের ছোট্ট দ্বীপ রাষ্ট্র কেপ ভার্দে। প্রায় ছয় লক্ষ জনসংখ্যার দেশটি বিশ্ব ফুটবলের এই বড় মঞ্চে উঠে এসে তৈরি করেছে নতুন ইতিহাস।
বিশ্বকাপের টিকিট তারা নিশ্চিত করেছে গুরুত্বপূর্ণ ম্যাচে এসওয়াতিনিকে হারিয়ে। সেই সাফল্যের মাধ্যমে তারা ২০১৮ সালে আইসল্যান্ডের গড়া রেকর্ডের পর বিশ্বের অন্যতম ক্ষুদ্র দেশ হিসেবে বিশ্বকাপের মূল পর্বে ওঠার কীর্তি গড়েছে। যদিও সেই রেকর্ড ছিনিয়ে নিয়েছে ক্যারিবীয় দেশ কুরাসাও।
কেপ ভার্দের এই সাফল্য হঠাৎ করে আসেনি। ১৯৯০ সালে প্রথমবার বিশ্বকাপ বাছাইপর্বে অংশ নেওয়ার পর থেকেই ধীরে ধীরে নিজেদের ফুটবল কাঠামো শক্ত করেছে দেশটি। এর মূল কারণ, ইউরোপের বিভিন্ন দেশে বসবাসকারী কেপ ভার্দীয় বংশোদ্ভূত ফুটবলারদের খুঁজে এনে জাতীয় দলে যুক্ত করার কৌশল।
বর্তমান এই দলে রয়েছেন নেদারল্যান্ডসে জন্ম নেওয়া ছয়জন ফুটবলার। এছাড়া আয়ারল্যান্ডে জন্ম নেওয়া ডিফেন্ডার রবার্তো লোপেসও।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি