
হুগলি, ২২ মে (হি.স.): বিধায়কের উপস্থিতিতে শুক্রবার কোন্নগরে ভেঙে দেওয়া হল টোল আদায়ের অফিস। স্থানীয়দের দাবি, কোন্নগর রেল স্টেশনে আন্ডারপাসে টোল গেট বসিয়ে টাকা তোলা হত। উত্তরপাড়ার বিধায়ক নির্বাচিত হওয়ার পর দীপাঞ্জন চক্রবর্তী কোন্নগর পুরসভায় গিয়ে টোল আদায়ের অনুমতি সংক্রান্ত কাগজপত্র দেখতে চান। পুরসভা কোনও কাগজ দেখাতে পারেনি বলেই সূত্রের খবর। আন্ডারপাসে টোল আদায়ের জন্য ২০০৮ সালে লিজ দেওয়া হয়। তারপর সেই অনুমোদনপত্র পুনর্নবীকরণ করা হয়নি বলে জানা গেছে পুরসভা সূত্রে। এইভাবেই চলছিল এতদিন টোল আদায়। অনুমোদনহীন যত টোল আছে তা বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছিল রাজ্য সরকার। তারপরেই এই বিজেপি বিধায়ক কোন্নগর আন্ডারপাসের টোল আদায় বন্ধ করতে বলেন পুলিশকে। শুক্রবার আন্ডারপাসের সামনের সেই টোল আদায়ের অফিস ভেঙে দেওয়া হয়।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ