
বাহরাইচ, ২২ মে ( হি.স.): উত্তর প্রদেশের বাহরাইচ-লখিমপুর জাতীয় সড়কে শুক্রবার ঘটল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। একটি বেপরোয়া গতির ট্রাক ও কন্টেনারের মধ্যে মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয় ট্রাকের খালাসির। দুর্ঘটনার পর ব্যাহত হয় বাহরাইচ-লখিমপুর জাতীয় সড়কের যান চলাচল ব্যবস্থা।
এদিন পুলিশ সূত্রে জানা গেছে , ট্রাক ও কন্টেনারের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ফলে ঘটনাস্থলেই প্রাণ হারায় ট্রাকের খালাসি। দুর্ঘটনার পর ট্রাকে থাকা সর্ষের তেল উপচে পড়ে ভেসে যায় গোটা রাস্তা। দুর্ঘটনার জেরে জাতীয় সড়কে দীর্ঘক্ষণ যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন নিত্যযাত্রীরা । ঘটনার খবর পেয়ে মোতিপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশের কয়েক ঘন্টার প্রচেষ্টায় সড়কের পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ।
এদিন পুলিশকে ঘিরে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখায়। তাদের দাবি, , রাস্তার দুই পাশে গজিয়ে ওঠা ঘন ঝোপের কারণেই রাস্তার দৃশ্যমানতা কমে যাচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হলে বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হতো । পুলিশের তরফ থেকে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক