
স্বরূপনগর, ২২ মে (হি. স.) : উত্তর ২৪ পরগনার স্বরূপনগর ব্লকের সীমান্তবর্তী বিলবল্লী এলাকায় জলাবদ্ধতার জেরে চরম সংকটে পড়েছেন হাজার হাজার কৃষক। ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন প্রায় ৫২ হাজার একর জমি জুড়ে বিস্তৃত বিলবল্লী দীর্ঘদিন ধরেই এলাকার প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে আসছে। এই অঞ্চলকে ঘিরে গড়ে উঠেছে বালতি, কৈজুরী, বাঁকড়া, বাংলানি, শাড়াপুল, গোবিন্দপুর ও বিথারী গ্রাম পঞ্চায়েত।স্থানীয়দের দাবি, বিলবল্লীর মধ্যভাগ দিয়ে প্রবাহিত সোনাই নদীর গতিপথই এখন সমস্যার মূল কারণ হয়ে দাঁড়িয়েছে। নদীর একাংশ বসিরহাটের ইছামতিতে মিশলেও অন্য অংশ তেতুলিয়া সুইচগেট দিয়ে অতিরিক্ত জল প্রবাহিত করছে। ফলে প্রতিবছরের মতো এবারও বাঁকড়া, কৈজুরী ও বালতি অঞ্চলের বিস্তীর্ণ কৃষিজমি জলমগ্ন হয়ে পড়েছে।সবচেয়ে উদ্বেগের বিষয়, চৈত্র ও বৈশাখের খরার সময়েও বহু জমিতে হাঁটুসমান জল জমে রয়েছে। ধান, পাট, তিল ও সরিষার চাষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিপাকে পড়েছেন কৃষকরা।সমস্যা সমাধানে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ ও বৈজ্ঞানিক তদন্তের দাবি তুলেছেন ভুক্তভোগী কৃষকরা।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়