পশ্চিমবঙ্গে ১৭ আইএএস আধিকারিক বদল, বিধাননগর পুরনিগমের নতুন কমিশনার রবি আগরওয়াল
কলকাতা, ২২ মে (হি. স.) : রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল করল পশ্চিমবঙ্গ সরকার। একযোগে ১৭ জন ভারতীয় প্রশাসনিক সেবা (আইএএস) আধিকারিককে বদলি করা হয়েছে। শুক্রবার রাজ্যের কর্মী ও প্রশাসনিক সংস্কার দফতরের তরফে জারি করা এক বিজ্ঞপ্তিতে বিভিন্ন দফতরের সচিব, প
পশ্চিমবঙ্গে ১৭ আইএএস আধিকারিক বদল, বিধাননগর পুরনিগমের নতুন কমিশনার রবি আগরওয়াল


কলকাতা, ২২ মে (হি. স.) : রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল করল পশ্চিমবঙ্গ সরকার। একযোগে ১৭ জন ভারতীয় প্রশাসনিক সেবা (আইএএস) আধিকারিককে বদলি করা হয়েছে। শুক্রবার রাজ্যের কর্মী ও প্রশাসনিক সংস্কার দফতরের তরফে জারি করা এক বিজ্ঞপ্তিতে বিভিন্ন দফতরের সচিব, পুরনিগমের কমিশনার এবং একাধিক জেলার অতিরিক্ত জেলাশাসক (এডিএম) পদমর্যাদার আধিকারিকদের এই স্থানান্তরের কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, বিধাননগর পুরনিগমের কমিশনার পদ থেকে ২০১০ ব্যাচের আইএএস আধিকারিক সুজয় সরকারকে সরানো হয়েছে। তাঁকে রাজ্য বস্ত্র ও রেশম দফতরের কমিশনার এবং রাজ্য সরকারি সংস্থা ‘তন্তুজা’-র ম্যানেজিং ডিরেক্টর (এমডি) পদে নিয়োগ করা হয়েছে। তাঁর জায়গায় বিধাননগর পুরনিগমের নতুন কমিশনার করা হয়েছে ২০১৭ ব্যাচের আইএএস আধিকারিক রবি আগরওয়ালকে। তিনি এর আগে পুরুলিয়ার অতিরিক্ত জেলাশাসক পদে কর্মরত ছিলেন।

নেতাজি সুভাষ প্রশাসনিক প্রশিক্ষণ ইনস্টিটিউটের অ্যাসোসিয়েট প্রফেসর তথা ২০১৪ ব্যাচের আইএএস আধিকারিক হিন্দোল দত্তকে আসানসোল পুরনিগমের নতুন কমিশনার করা হয়েছে। অন্যদিকে, কলকাতা মহানগর উন্নয়ন কর্তৃপক্ষের (কেএমডিএ) প্রধান নির্বাহী আধিকারিক (সিইও) নীতিন সিঙ্ঘানিকে স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তরের সিনিয়র স্পেশাল সেক্রেটারি পদে নিযুক্ত করা হয়েছে। পাশাপাশি তাঁকে ‘সেন্টার অফ এক্সেলেন্স ইন পাবলিক ম্যানেজমেন্ট’-এর সদস্য সচিব এবং ‘সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিল সার্ভিস স্টাডি সেন্টার’-এর কোর্স ডিরেক্টরের অতিরিক্ত দায়িত্বও দেওয়া হয়েছে।

২০১৩ ব্যাচের আইএএস আধিকারিক রজত নন্দকে কর্মী ও প্রশাসনিক সংস্কার দপ্তরের বর্তমান দায়িত্বের পাশাপাশি ক্যাবিনেট সচিবালয়ের জয়েন্ট সেক্রেটারি এবং তথ্য ও সংস্কৃতি দপ্তরের ডিরেক্টরের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। মালদার অতিরিক্ত জেলাশাসক শেখ আনসার আহমেদকে পাঠানো হয়েছে পশ্চিম মেদিনীপুরে। পূর্ব বর্ধমানের অতিরিক্ত জেলাশাসক ধীমান বরইকে কারিগরি শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন দপ্তরের স্পেশাল সেক্রেটারি এবং হাওড়ার অতিরিক্ত জেলাশাসক প্রিয়দর্শিনী এস.-কে ক্রেতা সুরক্ষা দপ্তরের স্পেশাল সেক্রেটারি করা হয়েছে।

পাশাপাশি, দক্ষিণ ২৪ পরগনার অতিরিক্ত জেলাশাসক প্রশান্ত রাজ শুক্লাকে বাঁকুড়ায়, উত্তর দিনাজপুরের অতিরিক্ত জেলাশাসক সুমন সৌরভ মহান্তিকে পশ্চিম বর্ধমানে এবং দক্ষিণ দিনাজপুরের অতিরিক্ত জেলাশাসক রাজেশকে জলপাইগুড়িতে বদলি করা হয়েছে। ২০১৮ ব্যাচের আইএএস আধিকারিক লক্ষ্মণ পেরুমল আর.-কে বাঁকুড়া থেকে ঝাড়গ্রামে, জলপাইগুড়ির এডিএম সিঞ্জন শেখরকে হাওড়ায় এবং নদীয়ার এডিএম অর্চনা পি. ওয়াংখেড়েকে পূর্ব মেদিনীপুরে স্থানান্তরিত করা হয়েছে।

২০২০ ব্যাচের আইএএস আধিকারিকদের মধ্যে মনজিৎ কুমার যাদবকে বাঁকুড়া থেকে দক্ষিণ ২৪ পরগনা, সৌরভ পাণ্ডেকে উত্তর দিনাজপুর থেকে পশ্চিম মেদিনীপুর এবং একম জে. সিংকে পশ্চিম মেদিনীপুর থেকে বাঁকুড়ায় পাঠানো হয়েছে।

নবান্ন সূত্রে খবর, জেলা স্তরে প্রশাসনিক কাজকর্ম আরও জোরদার করতে এবং কাজের গতি বাড়াতেই এই পদক্ষেপ করা হয়েছে। সরকারি স্তরের এই বড় রদবদলকে রাজ্যের আগামী প্রশাসনিক রূপরেখা ও আইনশৃঙ্খলার ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande