
আরামবাগ, ২২ মে (হি.স.) : চাঞ্চল্যকর ঘটনায় একসঙ্গে উদ্ধার হওয়া সাত নাবালিকাকে শুক্রবার আরামবাগ মহকুমা আদালতে পেশ করল আরামবাগ থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া নাবালিকাদের মধ্যে চারজনের বাড়ি আরামবাগ থানা এলাকায়, একজনের বাড়ি পাণ্ডুয়া থানা এলাকায় এবং বাকি দু’জনের বাড়ি পূর্ব বর্ধমান জেলায়।
পুলিশ জানায়, পাণ্ডুয়া থানা এলাকার একটি স্থান থেকে নাবালিকাদের উদ্ধার করে আরামবাগ থানায় নিয়ে আসা হয়। জানা গিয়েছে, গত ১২ মে আরামবাগের চাঁদুর এলাকা থেকে তিন নাবালিকা নিখোঁজ হয়ে যায়। পরে পরিবারের পক্ষ থেকে আরামবাগ থানায় নিখোঁজ ডায়েরি করা হয়।
অভিযোগ পাওয়ার পর তদন্তে নামে পুলিশ। বিভিন্ন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়। সেই সূত্র ধরেই নাবালিকাদের অবস্থান সম্পর্কে তথ্য পেয়ে শেষ পর্যন্ত তাদের উদ্ধার করা সম্ভব হয়।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, উদ্ধার হওয়া নাবালিকারা একটি আদিবাসী সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে ওই এলাকায় গিয়েছিল। তবে তারা কীভাবে সেখানে পৌঁছেছিল এবং এর পিছনে অন্য কোনও কারণ বা প্ররোচনা ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানিয়েছে পুলিশ।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA