
আরামবাগ, ২২ মে (হি.স.) : আরামবাগে পৃথক দুটি বোমা উদ্ধারের ঘটনায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার ধৃতদের আরামবাগ মহকুমা আদালতে পেশ করা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আরামবাগের ১১ নম্বর ওয়ার্ডের আমতলা এলাকায় একটি তৃণমূল কংগ্রেস কার্যালয় থেকে বোমা উদ্ধারের ঘটনায় গ্রেফতার করা হয়েছে শেখ মহম্মদ ইমরানকে। তিনি তিরোল গ্রাম পঞ্চায়েতের সদস্য বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার রাতে আরামবাগের ডোঙাবাথান এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।
অন্যদিকে, আরামবাগের কালীপুর এলাকায় বোমা উদ্ধারের ঘটনায় তৃণমূল নেতা মীর চঞ্চল-সহ আরও দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্তের স্বার্থে ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। উদ্ধার হওয়া বোমাগুলি কী উদ্দেশ্যে মজুত রাখা হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।
শুক্রবার আদালতে নিয়ে যাওয়ার পথে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মীর চঞ্চল দাবি করেন, তাঁকে রাজনৈতিক ষড়যন্ত্র করে এই মামলায় ফাঁসানো হয়েছে। তবে বিচার ব্যবস্থার উপর তাঁর পূর্ণ আস্থা রয়েছে বলেও জানান তিনি।
পুলিশ জানিয়েছে, এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না এবং এর নেপথ্যে কোনও বড় চক্র কাজ করছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA