লিচু পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে আহত নাবালক, বন্ধুকে ছেড়ে পালাল না সঙ্গীরাও
আগরতলা, ২২ মে (হি.স.) : গ্রীষ্মের ছুটিতে বন্ধুদের সঙ্গে লিচু পাড়তে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ল নাবালক। গাছের ডাল ভেঙে মাটিতে পড়ে গুরুতর আহত হয় ১৩ বছরের রুবান ভূঁইয়া নামে জনৈক কিশোর। শুক্রবার ঘটনাটি ঘটে রাজধানী আগরতলায় এনসিসি থানাধীন আর্মি ক্যাম্প
আহত নাবালক হাসপাতালে


আগরতলা, ২২ মে (হি.স.) : গ্রীষ্মের ছুটিতে বন্ধুদের সঙ্গে লিচু পাড়তে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ল নাবালক। গাছের ডাল ভেঙে মাটিতে পড়ে গুরুতর আহত হয় ১৩ বছরের রুবান ভূঁইয়া নামে জনৈক কিশোর। শুক্রবার ঘটনাটি ঘটে রাজধানী আগরতলায় এনসিসি থানাধীন আর্মি ক্যাম্প এলাকার একটি লিচু বাগানে। আহত নাবালক বর্তমানে জিবিপি হাসপাতালে চিকিৎসাধীন।

জানা গেছে, গ্রীষ্মকাল মানেই আম, কাঁঠাল আর লিচুর মৌসুম। বাজারে এখন রসালো ফলের ছড়াছড়ি। তবে গাছ থেকে নিজ হাতে ফল পেড়ে খাওয়ার আনন্দ আলাদা, বিশেষ করে নাবালকদের কাছে তা যেন এক রোমাঞ্চকর অভিজ্ঞতা। সেই আনন্দ উপভোগ করতেই শুক্রবার ভাটি অভয়নগর এলাকার চার - পাঁচজন নাবালক আর্মি ক্যাম্পের লিচু বাগানে যায়। সেখানে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তারা গাছে উঠে লিচু পাড়তে শুরু করে।

কিন্তু আনন্দ মুহূর্তেই আতঙ্কে বদলে যায়। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, একটি সরু ডালের উপর একসঙ্গে চারজন নাবালক উঠে বসায় হঠাৎ ডালটি ভেঙে যায়। সঙ্গে সঙ্গে তারা মাটিতে পড়ে যায়। এতে রুবান ভূঁইয়া নামে জনৈক নাবালকের পায়ে গুরুতর চোট লাগে। ব্যথায় কাতরাতে থাকে সে।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় এনসিসি ফায়ার স্টেশনের দমকল কর্মীরা। সেনাবাহিনীর আধিকারিকদের সহযোগিতায় আহত নাবালককে উদ্ধার করে দ্রুত জিবিপি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে হাসপাতালে নিয়ে আসার পর ভয়ে নিজের নাম-ঠিকানা জানাতে চাইছিল না আহত নাবালক। কারণ, পরিবারের কাউকে না জানিয়েই বন্ধুদের সঙ্গে লিচু পাড়তে এসেছিল সে। পরে দমকল কর্মী ও উপস্থিত ব্যক্তিদের চেষ্টায় তার পরিচয় জানা যায়।

এই ঘটনার মধ্যে একটি মানবিক ও শিক্ষণীয় দিকও উঠে এসেছে। দুর্ঘটনার পর আহত বন্ধুকে ফেলে পালিয়ে যায়নি অন্য নাবালকেরা। বরং তারাই দমকলের গাড়িতে করে বন্ধুর সঙ্গে হাসপাতালে আসে এবং পরিবারের সদস্যরা পৌঁছানো পর্যন্ত আহত বন্ধুর পাশেই থেকে যায়। বন্ধুদের এই সহমর্মিতা ও দায়িত্ববোধ অনেকের মন ছুঁয়ে গেছে।

ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একই সঙ্গে শিশুদের নিরাপত্তা নিয়ে সচেতন থাকার বার্তাও উঠে এসেছে এই ঘটনায়। বিশেষজ্ঞদের মতে, গাছে ওঠা বা এ ধরনের ঝুঁকিপূর্ণ কাজে অভিভাবকদের নজরদারি ও সতর্কতা অত্যন্ত জরুরি।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande