
নয়াদিল্লি, ২২ মে (হি. স.) : নয়াদিল্লিতে উপরাষ্ট্রপতি ভবনে গিয়ে ভারতের উপরাষ্ট্রপতি সি. পি. রাধাকৃষ্ণনের সঙ্গে এক সৌজন্যমূলক সাক্ষাতে মিলিত হলেন পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর প্রথমবার রাজধানী সফরে গিয়েছেন তিনি। তাঁর এই দিল্লি সফরের ঠাসা কর্মসূচির অঙ্গ হিসেবেই এই বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে জানা গেছে, পশ্চিমবঙ্গকে শান্তি, প্রগতি ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি 'বিকশিত বাংলা' ও 'বিকশিত ভারত'-এর রূপকল্প বাস্তবায়নে রাজ্য সরকারের বিভিন্ন পরিকল্পনা ও ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে তাঁদের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে। বাংলার সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই গঠনমূলক প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন উপরাষ্ট্রপতি এবং তাঁর ভবিষ্যৎ পথচলার জন্য আন্তরিক শুভকামনা জ্ঞাপন করেছেন।
উল্লেখ্য, নিজের এই দিল্লি সফরে উপরাষ্ট্রপতির পাশাপাশি দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-এর সঙ্গেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর গুরুত্বপূর্ণ বৈঠক ও সৌজন্য সাক্ষাতের কর্মসূচি রয়েছে।
-
হিন্দুস্থান সমাচার / সোনালি