
হুগলি , ২২ মে (হি.স.) : ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ায় সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কায় বিক্ষোভে সামিল হলেন নকুন্ডা অঞ্চলের বাসিন্দারা। শুক্রবার হুগলির গোঘাট ১ নম্বর ব্লক উন্নয়ন আধিকারিক (বিডিও) অফিস চত্বরে অবস্থান-বিক্ষোভে বসেন এসআইআরের “ডিলিটেড” তালিকাভুক্ত ব্যক্তিরা। পরে তাঁরা বিডিওর হাতে স্মারকলিপি তুলে দেন।
বিক্ষোভকারীদের অভিযোগ, এসআইআরের সময় তাঁদের নাম “ডিলিটেড” হিসেবে চিহ্নিত করা হয়েছে। এরপর বিভিন্ন সরকারি দফতরে শুনানি হলেও এখনও পর্যন্ত নাম পুনরায় অন্তর্ভুক্ত করা হয়নি। ফলে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তাঁরা ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি।
আন্দোলনকারীদের দাবি, ভোটার তালিকায় নাম না থাকায় ভবিষ্যতে সরকারি প্রকল্প ও পরিষেবার সুবিধা পাওয়া নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। বহু মানুষ প্রয়োজনীয় নথি জমা দেওয়ার পরেও সমস্যার সমাধান না হওয়ায় ক্ষোভ বাড়ছে বলে তাঁদের অভিযোগ। অবিলম্বে প্রকৃত ভোটারদের নাম পুনর্বহালের দাবিতে তাঁরা আন্দোলনে সামিল হন।
এদিন বিক্ষোভকে ঘিরে বিডিও অফিস চত্বরে কিছুটা উত্তেজনা তৈরি হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল। প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে। তবে গোঘাট ১ নম্বর ব্লকের বিডিও এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA