জ্বালানি সাশ্রয়ে সচেতনতার বার্তা মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়ের
আগরতলা, ২২ মে (হি.স.) : জ্বালানির অপচয় রোধে রাজ্যবাসীকে আরও সচেতন হওয়ার আহ্বান জানালেন বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়। শুক্রবার বিধানসভায় নিজের কক্ষে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, বর্তমান সময়ে জ্বালানি সাশ্রয় শুধু অর্থনৈতিক দিক থেকে নয়
মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়


আগরতলা, ২২ মে (হি.স.) : জ্বালানির অপচয় রোধে রাজ্যবাসীকে আরও সচেতন হওয়ার আহ্বান জানালেন বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়। শুক্রবার বিধানসভায় নিজের কক্ষে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, বর্তমান সময়ে জ্বালানি সাশ্রয় শুধু অর্থনৈতিক দিক থেকে নয়, পরিবেশ ও ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থেও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, বিদ্যুৎ, পেট্রোল ও ডিজেলের মতো গুরুত্বপূর্ণ জ্বালানির অপ্রয়োজনীয় ব্যবহার কমাতে সকলকে দায়িত্বশীল হতে হবে। প্রতিদিনের জীবনযাত্রায় কিছু সাধারণ অভ্যাস পরিবর্তনের মাধ্যমে জ্বালানির সঠিক ব্যবহার নিশ্চিত করা সম্ভব বলেও তিনি মন্তব্য করেন।

মুখ্য সচেতক জানান, বাড়ি বা অফিসে অপ্রয়োজনীয় আলো, ফ্যান ও বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ রাখা, অযথা যানবাহন ব্যবহার কমানো এবং সম্ভব হলে গণপরিবহন ব্যবহারে উৎসাহিত হওয়া এখন সময়ের দাবি। পাশাপাশি শক্তি সাশ্রয়ী বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহারের উপরও গুরুত্ব আরোপ করেন তিনি।

কল্যাণী রায় বলেন, “জ্বালানি সাশ্রয় মানে শুধু খরচ কমানো নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য সম্পদ সংরক্ষণের একটি বড় দায়িত্ব। প্রত্যেক নাগরিক সচেতন হলে রাজ্য ও দেশের উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে।”

তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তন ও পরিবেশ দূষণের মতো বৈশ্বিক সমস্যার মোকাবিলায়ও জ্বালানির সঠিক ব্যবহার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তাই সাধারণ মানুষকে সচেতন করতে সরকার বিভিন্ন সময়ে প্রচারমূলক উদ্যোগ গ্রহণ করছে বলেও জানান তিনি।

সাংবাদিক সম্মেলনের শেষে রাজ্যের সার্বিক উন্নয়ন এবং আগামী প্রজন্মের নিরাপদ ভবিষ্যতের স্বার্থে সকলকে জ্বালানি সাশ্রয়ে এগিয়ে আসার আহ্বান জানান মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande