
আরামবাগ, ২২ মে (হি.স.) : কৃষকদের সেচ সুবিধা বাড়াতে পুরশুড়া বিধানসভার অন্তর্গত বিভিন্ন এলাকায় সোলার মিনি রিভার লিফট ইরিগেশন (আরএলআই) প্রকল্পের শুভ উদ্বোধন করা হল। শুক্রবার শ্রীরামপুর, গৌরাঙ্গপুর, কায়বা ও সাহাপুর এলাকায় এই প্রকল্পের উদ্বোধন হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষ। তিনি প্রকল্পগুলির আনুষ্ঠানিক উদ্বোধন করে বলেন, কৃষকদের সেচ সমস্যা দূর করতে এবং কম খরচে চাষাবাদ নিশ্চিত করতে রাজ্য সরকার ধারাবাহিকভাবে উন্নয়নমূলক পদক্ষেপ নিচ্ছে। সোলার শক্তিচালিত এই সেচ প্রকল্প কৃষিকাজে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে তিনি জানান।
স্থানীয় কৃষকরাও এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাঁদের মতে, সোলার মিনি (আরএলআই) চালু হওয়ায় সেচের খরচ কমবে এবং চাষাবাদ আরও সহজ হবে। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনিক আধিকারিক এবং বহু কৃষক উপস্থিত ছিলেন।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA