
নয়াদিল্লি, ২২ মে (হি. স.) : নয়াদিল্লিতে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকে মিলিত হলেন পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার প্রতিরক্ষামন্ত্রী নিজেই সামাজিক মাধ্যম 'এক্স' হ্যান্ডেলে-এ এই বৈঠকের ছবি ভাগ করে নিয়ে সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেছেন। জাতীয় রাজধানী সফরের কর্মসূচির অঙ্গ হিসেবেই এই দুই নেতার মধ্যে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে।
মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর শুভেন্দু অধিকারীর এই প্রথম দিল্লি সফর রাজনৈতিক ও প্রশাসনিক—উভয় দিক থেকেই অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। সূত্রের খবর, এদিনের বৈঠকে পশ্চিমবঙ্গের নিরাপত্তা ব্যবস্থা, সীমান্ত সংলগ্ন এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে প্রতিরক্ষা মন্ত্রকের সহযোগিতা নিয়ে তাঁদের মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে।
নিজের এই দিল্লি সফরে প্রতিরক্ষামন্ত্রীর পাশাপাশি দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সি. পি. রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও বাংলার নতুন মুখ্যমন্ত্রীর গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে।
হিন্দুস্থান সমাচার / সোনালি