অসমের প্রস্তাবিত ইউসিসি ‘একেবারেই অভিন্ন নয়’, বলেছেন মিম-প্রধান ওয়াইসি
গুয়াহাটি, ২৫ মে (হি.স.) : অসমের প্রস্তাবিত ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) ‘একেবারেই অভিন্ন নয়’ বলে দাবি করেছেন ‘অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমীন’ (এআইএমআইএম)-সুপ্রিমো আসাদুদ্দিন ওয়াইসি। অসমের প্রস্তাবিত ইউসিসি-তে আদিবাসী সম্প্রদায়কে ছাড় দে
আসাদুদ্দিন ওয়াইসি


গুয়াহাটি, ২৫ মে (হি.স.) : অসমের প্রস্তাবিত ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) ‘একেবারেই অভিন্ন নয়’ বলে দাবি করেছেন ‘অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমীন’ (এআইএমআইএম)-সুপ্রিমো আসাদুদ্দিন ওয়াইসি। অসমের প্রস্তাবিত ইউসিসি-তে আদিবাসী সম্প্রদায়কে ছাড় দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

নিজের অফিশিয়াল সামাজিক মাধ্যম এক্স-এ আসাদুদ্দিন ওয়াইসি বলেছেন, সংবিধানের ২৯ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী প্রতিটি সম্প্রদায়েরই নিজেদের সংস্কৃতি রক্ষার অধিকার রয়েছে। কিন্তু প্রস্তাবিত আইনটি শুধুমাত্র আদিবাসীদের স্বায়ত্তশাসন রক্ষা করে অন্যদের ওপর নিয়ম চাপিয়ে দিচ্ছে।

ওয়াইসি লিখেছেন, ‘অসমে ইউনিফর্ম সিভিল কোড মোটেও ইউনিফর্ম নয়। এতে আদিবাসী সম্প্রদায়কে ইউসিসির আওতা থেকে সম্পূর্ণ ছাড় দেওয়া হয়েছে। প্রতিটি সম্প্রদায়েরই নিজেদের সংস্কৃতি রক্ষার অধিকার রয়েছে, কিন্তু শুধুমাত্র আদিবাসীদের স্বায়ত্তশাসনই কেন রক্ষা করা হচ্ছে?’

এআইএমআইএম-প্রধানের আরও অভিযোগ, ‘প্রস্তাবিত এই আইনে এমন একটি আইন চাপিয়ে দেওয়া হয়েছে, যা কেউ চায় না।’ তিনি দাবি করেন, ‘কনস্টিটুয়েন্ট অ্যাসেমব্লি কখনও বাধ্যতামূলক ইউনিফর্ম সিভিল কোডের কথা ভাবেনি।’

উত্তরাধিকার আইন নিয়ে উদ্বেগ প্রকাশ করে ওয়াইসি দাবি করেন, প্রস্তাবিত বিধানগুলি বিশেষ করে মুসলিম কন্যাদের ক্ষতিগ্রস্ত করতে পারে। তিনি বলেন, ‘ইসলামে কোনও উত্তরাধিকারীকে সম্পত্তি থেকে বঞ্চিত করা যায় না। কেউ উইল লিখে নিজের সমস্ত সম্পত্তি এক ছেলেকে দিয়ে দিতে পারে না বা মেয়েকে উত্তরাধিকার থেকে বঞ্চিত করতে পারে না। কিন্তু এই ইউসিসি যে কাউকে উইল লিখে মেয়েদের তাঁদের ন্যায্য অংশ থেকে বঞ্চিত করার সুযোগ দিচ্ছে। এটি কোনওভাবেই নারী-ন্যায়ভিত্তিক আইন নয়।’

এখানে উল্লেখ করা যেতে পারে, আজ সোমবার (২৫ মে) অসম বিধানসভায় ‘ইউনিফর্ম সিভিল কোড, আসাম ২০২৬’ বিল পেশ করেছেন সংসদীয় বিষয়ক মন্ত্রী অতুল বরা। বিল পেশ করে মন্ত্রী বলেছেন, প্রস্তাবিত বিলের লক্ষ্য সমতা এবং আইনি অভিন্নতা নিশ্চিত করা।

এদিকে পেশকৃত ইউসিসি বিলের প্রচণ্ড বিরোধিতা করছে কংগ্রেস সহ অন্য বিরোধী দলগুলি।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande