
নয়াদিল্লি, ২৫ মে (হি.স.): ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিন দিনের রাষ্ট্রীয় সফরে আগামী ২৬ থেকে ২৮ মে পর্যন্ত সিকিমে অবস্থান করবেন। সফরকালে তিনি রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেবেন এবং বেশ কিছু নামী প্রতিষ্ঠান পরিদর্শন করবেন।
রাষ্ট্রপতি ভবন থেকে জারি করা আনুষ্ঠানিক সূচি অনুযায়ী, সফরের প্রথম দিন অর্থাৎ ২৬ মে রাষ্ট্রপতি গ্যাংটকের ‘নামগ্যাল ইনস্টিটিউট অফ তিব্বতোলজি’ পরিদর্শন করবেন। এই প্রতিষ্ঠানটি তিব্বতি চর্চা এবং বৌদ্ধ সংস্কৃতির অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত।
পরের দিন, ২৭ মে রাষ্ট্রপতি ভারত-চিন সীমান্তের ঐতিহাসিক নাথু লা পাসে যাবেন। একই দিনে তিনি সিকিম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানেও প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।
সফরের শেষ দিন, ২৮ মে গ্যাংটকে আয়োজিত একটি বিশেষ রাষ্ট্রীয় অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সিকিম পুলিশকে মর্যাদাপূর্ণ ‘প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া পুলিশ কালার’ সম্মান প্রদান করবেন।
হিন্দুস্থান সমাচার / সোনালি