
কলকাতা, ২৬ মে (হি.স.): জে. সি. মুখার্জি মেমোরিয়াল টি-টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতার ফাইনালে পৌঁছে গেল মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব ও ভবানীপুর ক্লাব। সোমবার ইডেন গার্ডেন্সে আয়োজিত পৃথক দুটি সেমিফাইনাল ম্যাচে দাপটের সঙ্গে জয় তুলে নিয়ে খেতাবী লড়াইয়ের টিকিট পাকা করেছে উভয় দলই।
এদিন প্রথম সেমিফাইনালে খিদিরপুর স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হয়েছিল মোহনবাগান। প্রথমে ব্যাট করে খিদিরপুর নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২০১ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে মোহনবাগান ১৯.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০৩ রান তুলে ম্যাচ জিতে নেয়। ৫ উইকেটে ম্যাচ জিতে ফাইনালে পৌঁছায় সবুজ-মেরুন ব্রিগেড। মোহনবাগানের পক্ষে চিরাগ গান্ধীর ৪০ বলে ৬২ রানের ইনিংসটি ছিল ম্যাচের অন্যতম সেরা পারফরম্যান্স।
অন্য সেমিফাইনালে ভবানীপুর ক্লাবের মুখোমুখি হয়েছিল কালীঘাট ক্লাব। প্রথমে ব্যাটিং বিপর্যয় কাটিয়ে ভবানীপুর ক্লাব ২০ ওভারে ৩ উইকেটে ১৯৯ রানের পাহাড় গড়ে তোলে। জবাবে রান তাড়া করতে নেমে ১৯.৫ ওভারে ১৫৩ রানেই অল-আউট হয়ে যায় কালীঘাট ক্লাব। ফলে ৪৬ রানে ম্যাচ জিতে ফাইনালে জায়গা করে নেয় ভবানীপুর। এদিনের ম্যাচের মূল আকর্ষণ ছিল ভবানীপুরের যুবরাজ দীপক কেশওয়ানির অপরাজিত শতরান। তিনি ৫৮ বলে ১০০ রানের এক অনবদ্য ইনিংস খেলার পাশাপাশি বল হাতে ১টি উইকেটও দখল করেন।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত