জ্বালানি খরচের চাপে উড়ান কমাচ্ছে এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগোর
নয়াদিল্লি, ২৭ মে (হি.স.) : পশ্চিম এশিয়ার অস্থিরতা এবং বিমান পরিবহণ ক্ষেত্রে বাড়তে থাকা খরচের চাপে উড়ান সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিল দেশের দুই প্রধান বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগো। আগামী ১ জুন থেকে পরবর্তী তিন মাসের জন্য উড়ান পরিষেবায় কাটছাঁট ক
জ্বালানি খরচের চাপে উড়ান কমাচ্ছে এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগোর


নয়াদিল্লি, ২৭ মে (হি.স.) : পশ্চিম এশিয়ার অস্থিরতা এবং বিমান পরিবহণ ক্ষেত্রে বাড়তে থাকা খরচের চাপে উড়ান সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিল দেশের দুই প্রধান বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগো। আগামী ১ জুন থেকে পরবর্তী তিন মাসের জন্য উড়ান পরিষেবায় কাটছাঁট করবে সংস্থাগুলি। ফলে যাত্রীদের ভোগান্তি বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বুধবার সরকারি সূত্রে জানা গিয়েছে, টাটা গোষ্ঠীর বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া বিমান জ্বালানি বা এভিয়েশন টারবাইন ফুয়েল (এটিএফ)-এর লাগাতার মূল্যবৃদ্ধির কারণে পরিচালন ব্যয় বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে। সংস্থাটি তাদের অভ্যন্তরীণ উড়ানে প্রায় ২২ শতাংশ পর্যন্ত কাটছাঁট করার সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক উড়ানেও প্রায় ২৭ শতাংশ পরিষেবা কমানো হয়েছে।

এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, জুন থেকে অগস্টের মধ্যে নির্দিষ্ট কিছু আন্তর্জাতিক রুটে আগেই ঘোষিত পরিবর্তনের পাশাপাশি কয়েকটি অভ্যন্তরীণ রুটেও সাময়িকভাবে উড়ানের সংখ্যা কমানো হবে। সংস্থার দাবি, জ্বালানির উচ্চমূল্যের ফলে পরিচালন খরচে ব্যাপক চাপ তৈরি হওয়াতেই এই সিদ্ধান্ত নিতে হয়েছে। আগামী ১ জুন থেকে এই কাটছাঁট কার্যকর হবে এবং তা পরবর্তী ৯০ দিন বহাল থাকবে।

সংস্থা জানিয়েছে, পরিস্থিতির উপর নিয়মিত নজর রাখা হবে। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় উড়ানের সংখ্যা বাড়ানো হতে পারে। যেসব যাত্রীর উড়ান পরিষেবা প্রভাবিত হবে, তাঁদের বিকল্প উড়ানে স্থানান্তর, অতিরিক্ত চার্জ ছাড়াই ভ্রমণের তারিখ পরিবর্তন অথবা সম্পূর্ণ টিকিট মূল্য ফেরতের সুযোগ দেওয়া হবে বলেও জানিয়েছে এয়ার ইন্ডিয়া।

অন্যদিকে, ইন্ডিগো বিমান সংস্থাও তাদের পরিষেবায় ৫ থেকে ৭ শতাংশ পর্যন্ত কাটছাঁটের পরিকল্পনা করেছে। পরিচালন ব্যয় নিয়ন্ত্রণ এবং ক্ষতি কমানোর লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর। যদিও এর ফলে যাত্রীদের কিছুটা অসুবিধার মুখে পড়তে হতে পারে।

উল্লেখ্য , এয়ার ইন্ডিয়া প্রতি সপ্তাহে প্রায় ৪,৪০০টি উড়ান পরিচালনা করে। এর মধ্যে প্রায় ৩,৬০০টি অভ্যন্তরীণ এবং ৮০০টি আন্তর্জাতিক উড়ান রয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande