
গুয়াহাটি, ২৭ মে (হি.স.) : অসম বিধানসভায় ‘অভিন্ন দেওয়ানি বিধি, অসম ২০২৬’ (‘ইউনিফর্ম সিভিল কোড, আসাম ২০২৬’ সংক্ষেপে ইউসিসি) বিল পাস হওয়াকে ‘ঐতিহাসিক’ সিদ্ধান্ত বলে অভিহিত করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। এটি দেশে সমান অধিকার ও অভিন্ন দেওয়ানি ব্যবস্থা নিশ্চিত করার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, বলেছেন নীতিন।
নিজের অফিশিয়াল সামাজিক মাধ্যম এক্স-এ এক পোস্টে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন বলেন, দলের নীতি সবসময়ই ‘সকলের জন্য ন্যায়, কারও জন্য তোষণ নয়’, এই মূলমন্ত্রের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে।
নীতিন বলেন, ‘অসম বিধানসভায় ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) বিল পাস হওয়া দেশজুড়ে সমান অধিকার এবং অভিন্ন দেওয়ানি ব্যবস্থার দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’
আজ বুধবার অসম বিধানসভা ইউসিসি বিল পাস করেছে। এর লক্ষ্য ধর্ম নির্বিশেষে বিবাহ, বিবাহবিচ্ছেদ, উত্তরাধিকার এবং লিভ-ইন সম্পর্ক নিয়ন্ত্রণের জন্য একটি সাধারণ আইনি কাঠামো গঠন করা।
বিরোধী দলগুলি বিলটি আরও পর্যালোচনার জন্য একটি সিলেক্ট কমিটির কাছে পাঠানোর দাবি জানালেও শেষ পর্যন্ত বিলটি পাস হয়ে যায়।
নীতিন নবীন এর জন্য অসম সরকারকে অভিনন্দন জানিয়ে এই পদক্ষেপের কৃতিত্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার নেতৃত্বকে দিয়েছেন। নীতিন বলেন, ‘দেবভূমি উত্তরাখণ্ড এবং গুজরাটের পথ অনুসরণ করে অসমও ইউনিফর্ম সিভিল কোড কার্যকর করেছে, যা সামাজিক সম্প্রীতি এবং সকল নাগরিকের জন্য সমান ন্যায় নিশ্চিত করার প্রতিশ্রুতিকে শক্তিশালীভাবে তুলে ধরে।’ তিনি আরও বলেন, এ ধরনের সিদ্ধান্ত ‘এক ভারত, শ্রেষ্ঠ ভারত’-এর ভাবনাকে আরও শক্তিশালী করে।
হিন্দুস্থান সমাচার / সমীপ
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস