
শ্রীনগর, ২৭ মে (হি.স.): দেশজুড়ে বৃহস্পতিবার পালিত হবে ঈদ-উল-আদহা। তার আগে বুধবার জম্মু ও কাশ্মীরে পালিত হয় ঈদ। এদিন সকালে শ্রীনগর-সহ কাশ্মীরের বিভিন্ন স্থানে ঈদের নামাজ পাঠ করা হয়। জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্সের প্রধান ফারুক আব্দুল্লাহ নামাজ পাঠ করেন। এছাড়াও মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহও নামাজ পাঠ করেন।
ঈদ উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়েছেন জম্মু ও কাশ্মীরের উপ-রাজ্যপাল মনোজ সিনহা। মাইক্রোব্লগিং সাইট এক্স-এ করা একটি পোস্টে লেফটেন্যান্ট গভর্নর জানান, এই পবিত্র মুহূর্তটি মানবতাকে ভালোবাসা, সহানুভূতি এবং ক্ষমার মতো চিরন্তন মূল্যবোধকে গ্রহণ করার কথা স্মরণ করিয়ে দেয়। সিনহা তাঁর বার্তায় বলেন, এই ঈদ সকলের জীবনে আনন্দ, শান্তি এবং সমৃদ্ধি বয়ে আনুক। ঈদ মোবারক! কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে এদিন ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে ত্যাগের এই উৎসব উদযাপিত হয়। প্রধান মসজিদ ও ঈদগাহগুলিতে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। ঈদ-উল-আদহা হলো ইসলামের দ্বিতীয় প্রধান ধর্মীয় উৎসব, যা বিশ্বজুড়ে ত্যাগের মহিমায় উদযাপিত হয়।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ