
নয়াদিল্লি, ২৭ মে (হি.স.) : ভারতীয় কোস্ট গার্ড (আইসিজি) ও গুজরাট এটিএস-এর যৌথ অভিযানে মুন্দ্রা উপকূলের কাছে ১১৫ কিলোগ্রাম কোকেন উদ্ধার হয়েছে। আন্তর্জাতিক বাজারে যার আনুমানিক মূল্য প্রায় ১১৫০ কোটি টাকা বলে জানা গিয়েছে। আটক জাহাজটিকে আরও তদন্তের জন্য বন্দরে নিয়ে যাওয়া হয়েছে। গোটা ঘটনার তদন্তে যৌথভাবে নেমেছে কোস্ট গার্ড, গুজরাট এটিএস ও অন্যান্য কেন্দ্রীয় সংস্থা।
সমুদ্রপথে মাদক পাচার রুখতে গত পাঁচ বছর ধরে ধারাবাহিক অভিযান চালিয়ে আসছে ভারতীয় কোস্ট গার্ড। গুজরাট এটিএসের সঙ্গে এটি ছিল ১৫-তম যৌথ মাদকবিরোধী অভিযান। ‘নেশামুক্ত ভারত’ গড়ার লক্ষ্যে এই অভিযানকে বড় সাফল্য বলেই মনে করা হচ্ছে।
বুধবার কোস্ট গার্ডের কমান্ডার অমিত উনিয়াল জানান, ২৫ ও ২৬ মে রাতে গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে মুন্দ্রা উপকূলের কাছে অভিযান চালানো হয়। এটিএস জওয়ানদের নিয়ে কোস্ট গার্ডের ইন্টারসেপ্টর বোট সমুদ্রে নজরদারি চালাচ্ছিল। সেই সময় মুন্দ্রা থেকে প্রায় পাঁচ নটিক্যাল মাইল দূরে নোঙর করা ‘এমভি ইউরোপ’ নামের একটি কনটেনার জাহাজে সন্দেহজনক গতিবিধি নজরে আসে। দেখা যায়, জাহাজ থেকে কয়েকটি ব্যাগ সমুদ্রে ফেলে দেওয়া হচ্ছে।
এরপরই দ্রুত অভিযান চালিয়ে সমুদ্র থেকে পাঁচটি ব্যাগ উদ্ধার করা হয়। রাতের অন্ধকার ও কম দৃশ্যমানতার মধ্যেও যৌথ বাহিনী অভিযান সফলভাবে সম্পন্ন করে। উদ্ধার হওয়া ব্যাগগুলিতে সাদা পাউডার জাতীয় পদার্থ পাওয়া যায়। পরীক্ষার পর সেটি কোকেন বলে নিশ্চিত হয় তদন্তকারীরা।
মোট ১১৫টি প্যাকেট উদ্ধার হয়েছে, প্রতিটির ওজন প্রায় ১ কিলোগ্রাম। সব মিলিয়ে ১১৫ কিলোগ্রাম কোকেন বাজেয়াপ্ত করা হয়েছে। তদন্তকারীদের অনুমান, আন্তর্জাতিক মাদকচক্রের সঙ্গে এই পাচারের যোগ থাকতে পারে। ঘটনার তদন্তে আরও বড় চক্রের সন্ধান মিলতে পারে বলেও মনে করা হচ্ছে।
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য