(আপডেট) নেহরুর প্রয়াণ দিবসে শ্রদ্ধা কংগ্রেস নেতাদের, স্মরণ মোদীরও
নয়াদিল্লি, ২৭ মে (হি.স.) : ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু-র প্রয়াণ দিবসে বুধবার শান্তিবনে গিয়ে তাঁকে শ্রদ্ধা জানান কংগ্রেসের একাধিক শীর্ষ নেতা। একইসঙ্গে প্রাক্তন প্রধানমন্ত্রীকে স্মরণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-ও। এদিন নেত
নেহরুর প্রয়াণ দিবসে শ্রদ্ধা কংগ্রেস নেতাদের, স্মরণ মোদীরও


নয়াদিল্লি, ২৭ মে (হি.স.) : ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু-র প্রয়াণ দিবসে বুধবার শান্তিবনে গিয়ে তাঁকে শ্রদ্ধা জানান কংগ্রেসের একাধিক শীর্ষ নেতা। একইসঙ্গে প্রাক্তন প্রধানমন্ত্রীকে স্মরণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-ও। এদিন নেতারা নেহরুকে আধুনিক ভারতের নির্মাতা হিসেবে উল্লেখ করে তাঁর দূরদর্শী চিন্তাভাবনা, গণতান্ত্রিক মূল্যবোধ ও বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির কথা স্মরণ করেন।

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বুধবার সকালে জওহরলাল নেহরুর ৬২-তম মৃত্যুবার্ষিকীতে তাঁর স্মৃতিসৌধ শান্তি বনে পুষ্পস্তবক অর্পণ করেন। তিনি বলেন, পণ্ডিত নেহরু শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও আধুনিক ভারতের ভিত্তি গড়ে তুলেছিলেন। তাঁর তৈরি শিল্প, বিজ্ঞান ও শিক্ষাপ্রতিষ্ঠান দেশকে নতুন দিশা দেখিয়েছে এবং তাঁর উত্তরাধিকার আজও দেশকে পথ দেখাচ্ছে। স্বাধীনতা, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও বৈজ্ঞানিক মানসিকতার প্রতি নেহরুর অঙ্গীকার ভারতের আত্মায় আজও জীবন্ত বলে মন্তব্য করেন তিনি।

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী পণ্ডিত নেহরুকে শ্রদ্ধা জানিয়ে বলেন, অন্তর্ভুক্তিমূলক, সম্প্রীতিপূর্ণ ও প্রগতিশীল ভারত গঠনের জন্য তিনি সারাজীবন উৎসর্গ করেছিলেন। স্বাধীনতা, গণতান্ত্রিক নীতি, সাংবিধানিক অধিকার, সামাজিক ন্যায়বিচার ও বৈজ্ঞানিক চিন্তার উপর ভিত্তি করে নেহরুর নেতৃত্ব আগামীদিনেও অনুপ্রেরণা জোগাবে।

কংগ্রেসের সংগঠন সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল, কংগ্রেস নেতা বি কে হরিপ্রসাদ, শশী থারুর সহ একাধিক নেতা এদিন পণ্ডিত নেহরুকে শ্রদ্ধা নিবেদন করেছেন। কংগ্রেস সাধারণ সম্পাদক তথা লোকসভা সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী বঢরা বলেন, কোনও কাজের প্রকৃত মূল্যায়ন হয় সমাজের কত মানুষের চোখের জল মুছে দেওয়া গেল এবং কত মানুষের জীবনে সুখ-সমৃদ্ধি আনা গেল তার উপর। তাঁর মতে, নেহরু বিশ্বাস করতেন দেশ তখনই এগোবে যখন কোটি কোটি মানুষের উন্নতি হবে। সেই ভাবনা থেকেই শিক্ষা, স্বাস্থ্য, বিজ্ঞান, প্রযুক্তি, শিল্প ও কৃষিক্ষেত্রে একাধিক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের ভিত্তি স্থাপন করেছিলেন তিনি।

অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স মাধ্যমে প্রাক্তন প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানিয়ে লেখেন, “মৃত্যুবার্ষিকীতে প্রাক্তন প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুকে বিনম্র শ্রদ্ধা।”

উল্লেখ্য, পণ্ডিত জওহরলাল নেহরুর মৃত্যু হয় ১৯৬৪ সালের ২৭ মে। পঞ্চবার্ষিকী পরিকল্পনা, সরকারি ক্ষেত্রের উন্নয়ন, বৈজ্ঞানিক প্রতিষ্ঠান গঠন এবং গণতান্ত্রিক মূল্যবোধকে শক্তিশালী করার জন্য তাঁকে স্মরণ করা হয়।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande