
ভোপাল, ২৭ মে (হি.স.) : ভোপালের মডেল ত্বিশার শর্মার রহস্যমৃত্যুর ঘটনায় তদন্তে গতি আনল সিবিআই। বুধবার অভিযুক্ত স্বামী সমর্থ সিংকে ভোপালের জেলা আদালতে পেশ করা হলে আদালত তাকে ২৯ মে পর্যন্ত সিবিআই হেফাজতে পাঠানোর নির্দেশ দেয়। এবার নতুন করে সমর্থকে জিজ্ঞাসাবাদ করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
আদালতে তোলার আগে বুধবার সকালে সমর্থ সিংকে ভোপালের জেপি হাসপাতালে নিয়ে গিয়ে মেডিক্যাল পরীক্ষা করানো হয়। পরে দুপুর প্রায় আড়াইটে নাগাদ সিবিআই তাকে আদালতে পেশ করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন জানায়। আদালত সেই আবেদন মঞ্জুর করে অভিযুক্তকে সিবিআই হেফাজতে পাঠায়।
ত্বিশার পরিবারের আইনজীবী অঙ্কুর পাণ্ডে জানিয়েছেন, মামলার তদন্ত পুরোপুরি সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়েছে। ফলে এবার নতুন করে সমস্ত দিক খতিয়ে দেখা হবে এবং সমর্থকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে।
তদন্তে ডিজিটাল ও ইলেকট্রনিক প্রমাণ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তদন্ত আরও শক্তিশালী করতে সিবিআই ইতিমধ্যেই স্থানীয় পুলিশের কাছ থেকে সমর্থ সিংয়ের মোবাইল ফোন, ল্যাপটপ, কল ডিটেল রেকর্ড (সিডিআর) এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নথি নিজেদের হেফাজতে নিয়েছে।
আইনজীবী অঙ্কুর পাণ্ডে সিডিআর সংরক্ষণের আবেদন জানিয়েছিলেন। অন্যদিকে সমর্থের মা গিরিবালা সিং সিসি ক্যামেরার ফুটেজ সংরক্ষণের আবেদন করেন। মঙ্গলবার সেই আবেদনেরও শুনানি হয়েছে।
মৃতার পরিবারের পক্ষ থেকে আদালতে জমা দেওয়া আবেদনে দাবি করা হয়েছে, ১২ মে রাতে ত্বিশার মৃত্যুর পরপরই শাশুড়ি গিরিবালা সিং তাঁর মোবাইল ফোন থেকে প্রায় ৪৬টি নম্বরে ফোন করেছিলেন। অভিযোগ, ওই নম্বরগুলির মধ্যে কয়েকটি প্রভাবশালী বিচারবিভাগীয় আধিকারিক এবং তদন্তকারী সংস্থার সঙ্গে যুক্ত ব্যক্তিদের ছিল। পরিবারের দাবি, মামলার তদন্তকে প্রভাবিত করার চেষ্টাই করা হয়েছিল।
প্রসঙ্গত, ভোপালের কাটারা হিলস এলাকার শ্বশুরবাড়িতে ত্বিশা শর্মার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। যদিও মৃতার পরিবারের অভিযোগ, এটি আত্মহত্যা নয়, পরিকল্পিত খুন। ঘটনার পর থেকেই দেশজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য