
ভুবনেশ্বর, ২৭ মে (হি.স.) : ওড়িশার শূন্য হওয়া রাজ্যসভা আসনে উপনির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। সাংসদ দেবাশিস সামন্তরায়ের ইস্তফার পর ফাঁকা হওয়া এই আসনে আগামী ১৮ জুন ভোটগ্রহণ করা হবে।
বুধবার নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, ১ জুন বিজ্ঞপ্তি জারির মাধ্যমে উপনির্বাচন প্রক্রিয়া শুরু হবে। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ৮ জুন। ৯ জুন মনোনয়নপত্র যাচাই করা হবে এবং ১১ জুন পর্যন্ত প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন।
১৮ জুন সকাল ৯টা থেকে বিকেল ৪টে পর্যন্ত ভোটগ্রহণ চলবে। একই দিন বিকেল ৫টা থেকে ভোটগণনা শুরু হবে। ২০ জুনের মধ্যে সম্পূর্ণ নির্বাচন প্রক্রিয়া শেষ করার কথা জানিয়েছে কমিশন।
উল্লেখ্য, সাংসদ দেবাশিস সামন্তরায় গত ২৫ মে ইস্তফা দেন। তাঁর কার্যকাল ২০৩০ সালের ৩ এপ্রিল পর্যন্ত ছিল।
নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটগ্রহণের সময় শুধুমাত্র রিটার্নিং অফিসারের দেওয়া নির্দিষ্ট বেগুনি রঙের স্কেচ পেন ব্যবহার করা যাবে। অন্য কোনও পেন ব্যবহারের অনুমতি থাকবে না। অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে কড়া নজরদারির ব্যবস্থাও করা হয়েছে।
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য