পাকিস্তানি গ্যাংস্টার শাহজাদ ভাট্টির স্লিপার সেলের সঙ্গে যুক্ত চার জঙ্গি গ্রেফতার
লখনউ, ২৭ মে (হি.স.) : পাকিস্তানি গ্যাংস্টার শাহজাদ ভাট্টির স্লিপার সেলের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে চার জঙ্গিকে গ্রেফতার করল উত্তর প্রদেশের অ্যান্টি টেররিস্ট স্কোয়াড (এটিএস) ও স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)-এর যৌথ দল। বুধবার সাহারানপুর থেকে অভিযুক্তদ
পাকিস্তানি গ্যাংস্টার শাহজাদ ভাট্টির স্লিপার সেলের সঙ্গে যুক্ত চার জঙ্গি গ্রেফতার


লখনউ, ২৭ মে (হি.স.) : পাকিস্তানি গ্যাংস্টার শাহজাদ ভাট্টির স্লিপার সেলের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে চার জঙ্গিকে গ্রেফতার করল উত্তর প্রদেশের অ্যান্টি টেররিস্ট স্কোয়াড (এটিএস) ও স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)-এর যৌথ দল। বুধবার সাহারানপুর থেকে অভিযুক্তদের গ্রেফতার করা হয়। তদন্তে জানা গিয়েছে, তারা সোশ্যাল মিডিয়া ও ভিডিও কলিংয়ের মাধ্যমে পাকিস্তানি হ্যান্ডলারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখত এবং দেশের বিভিন্ন সংবেদনশীল এলাকায় নাশকতার ছক কষছিল।

উত্তর প্রদেশ পুলিশের আইনশৃঙ্খলা বিষয়ক অতিরিক্ত মহানির্দেশক (এডিজি) অমিতাভ যশ জানান, দীর্ঘদিন ধরেই গোয়েন্দাদের কাছে তথ্য আসছিল যে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই-এর নির্দেশে পাকিস্তানি গ্যাংস্টার শাহজাদ ভাট্টি ও আবিদ জাটের জঙ্গি নেটওয়ার্ক ভারতীয় যুবকদের প্রলোভন ও বিভ্রান্ত করে স্লিপার সেল গড়ে তুলছে। সামাজিক সম্প্রীতি নষ্ট করা এবং দেশের নিরাপত্তা বিপন্ন করাই ছিল তাদের উদ্দেশ্য।

এই তথ্যের ভিত্তিতে এটিএস ও এসটিএফ যৌথভাবে তদন্ত শুরু করে। প্রায় ২০০ জন সন্দেহভাজনকে নজরদারিতে রাখা হয়। তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য হাতে আসার পর সাহারানপুরের বাসিন্দা মহকাব ও শাহরুখ, মুজফ্ফরনগরের গগনদীপ ওরফে গুরি সিং এবং উত্তরাখণ্ডের বাসিন্দা মুশাররফকে গ্রেফতার করা হয়।

পুলিশি জেরায় মহকাব ও গগনদীপ স্বীকার করেছে যে তারা ইনস্টাগ্রামের মাধ্যমে শাহজাদ ভাট্টি ও আবিদ জাটের সংস্পর্শে আসে। আবিদ জাট তাদের একটি রাজনৈতিক দলের কার্যালয়, একটি হাসপাতাল এবং এক ব্যক্তিকে টার্গেট করার নির্দেশ দেয়, যাঁর একাধিক স্কুল রয়েছে। এসব জায়গায় হামলার আগে রেকি চালানোরও নির্দেশ দেওয়া হয়েছিল বলে দাবি করেছে ধৃতরা।

এছাড়াও, দেশে বড়সড় জঙ্গি কার্যকলাপ চালানোর জন্য আরও যুবকদের দলে টানার নির্দেশও দেওয়া হয়েছিল। সেইমতো মহকাব ও গগনদীপ নিজেদের সঙ্গে শাহরুখ ও মুশাররফকে যুক্ত করে। জেরায় তারা হাসপাতাল উড়িয়ে দেওয়ার পরিকল্পনা, অস্ত্র কেনার ছক এবং বিভিন্ন জায়গায় রেকি চালানোর কথাও স্বীকার করেছে।

তদন্তে আরও জানা গিয়েছে, গত মার্চ মাসে বড়সড় নাশকতার পরিকল্পনা নিয়ে নয়ডায় বৈঠক করেছিল মহকাব ও গগনদীপ। ওই বৈঠকে অর্থ ও অস্ত্র সংগ্রহ নিয়েও আলোচনা হয়েছিল।

এডিজি অমিতাভ যশ জানান, শাহজাদ ভাট্টি ও আবিদ জাটের বিরুদ্ধে ইতিমধ্যেই তিনটি মামলা দায়ের করা হয়েছে। গোটা নেটওয়ার্ক ভেঙে দিতে তদন্ত জোরদার করা হয়েছে এবং আরও কয়েকজনকে গ্রেফতারের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

এদিকে, এই ঘটনার মধ্যেই রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের উন্মুক্ত বিতর্কে পাকিস্তানকে কড়া ভাষায় আক্রমণ করেছে ভারত। রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি পি হরিশ বলেন, পাকিস্তান দীর্ঘদিন ধরে আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদে মদত দিয়ে চলেছে এবং ‘হাজার আঘাতে ভারতকে রক্তাক্ত করার’ নীতি অনুসরণ করছে। তিনি স্পষ্ট ভাষায় বলেন, “পাকিস্তানকে অবশ্যই বিশ্বাসযোগ্যভাবে এবং অপরিবর্তনীয়ভাবে সব ধরনের সন্ত্রাসবাদের প্রতি সমর্থন বন্ধ করতে হবে।”

পি হরিশ আরও বলেন, আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ থেকে নিজেদের রক্ষা করার পূর্ণ অধিকার ভারতের রয়েছে এবং পাকিস্তানকে বুঝতে হবে, সন্ত্রাসবাদে মদতের পরিণতি রয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande