
নয়াদিল্লি, ২৭ মে (হি.স.) : দেশে গত এক দশকে স্বাস্থ্যখাতে সরকারি ব্যয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে কমেছে সাধারণ মানুষের নিজের পকেট থেকে চিকিৎসার খরচ। বুধবার প্রকাশিত জাতীয় স্বাস্থ্য হিসাব (ন্যাশনাল হেলথ অ্যাকাউন্টস বা এনএইচএ) ২০২২-২৩ রিপোর্টে উঠে এসেছে এই তথ্য।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ২০১৩-১৪ অর্থবর্ষে স্বাস্থ্যখাতে সরকারি ব্যয় ছিল ১.৩০ লক্ষ কোটি টাকা। ২০২২-২৩ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৩.৮৫ লক্ষ কোটি টাকায়। অর্থাৎ এক দশকে সরকারি স্বাস্থ্য ব্যয় প্রায় তিনগুণ বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে জিডিপির অনুপাতে স্বাস্থ্যখাতে সরকারি ব্যয়ের হার ১.১৫ শতাংশ থেকে বেড়ে হয়েছে ১.৪৩ শতাংশ। নতুন জিডিপি সিরিজ অনুযায়ী এই হার ১.৪৮ শতাংশ।
রিপোর্টে বলা হয়েছে, মোট স্বাস্থ্য ব্যয়ের মধ্যে সরকারের অংশীদারিও ধারাবাহিকভাবে বেড়েছে। ২০১৩-১৪ সালে যেখানে এই হার ছিল ২৮.৬ শতাংশ, ২০২২-২৩ সালে তা বেড়ে হয়েছে ৪৩.৭ শতাংশ। অন্যদিকে সাধারণ মানুষের নিজের পকেট থেকে চিকিৎসার খরচ বা ‘আউট-অফ-পকেট এক্সপেন্ডিচার’ ৬৪.২ শতাংশ থেকে কমে ৪৩.৪ শতাংশে নেমে এসেছে।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দাবি, আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, সামাজিক স্বাস্থ্যবিমা প্রকল্প এবং সার্বজনীন স্বাস্থ্য পরিষেবা সম্প্রসারণের ফলেই মানুষের উপর আর্থিক চাপ অনেকটাই কমেছে।
রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে, কোভিড মহামারির সময় স্বাস্থ্যখাতে অতিরিক্ত বিনিয়োগ করেছিল কেন্দ্র সরকার। ২০২১-২২ সালে সরকারি স্বাস্থ্য ব্যয় জিডিপির ১.৮৪ শতাংশে পৌঁছেছিল। এর মধ্যে জরুরি কোভিড প্রতিরোধ প্যাকেজ এবং বিশ্বের বৃহত্তম টিকাকরণ কর্মসূচির ব্যয়ও অন্তর্ভুক্ত ছিল। ওই সময় মানুষের নিজের পকেটের চিকিৎসা ব্যয় কমে দাঁড়িয়েছিল ৩৯.৪ শতাংশে।
সামাজিক সুরক্ষাভিত্তিক স্বাস্থ্য ব্যয়ের ক্ষেত্রেও উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গিয়েছে। ২০১৩-১৪ সালে মোট স্বাস্থ্য ব্যয়ের ৬ শতাংশ ছিল এই খাতে, যা ২০২২-২৩ সালে বেড়ে হয়েছে ৯.৯ শতাংশ। পাশাপাশি বেসরকারি স্বাস্থ্যবিমার অংশও ৩.৪ শতাংশ থেকে বেড়ে ৯.২ শতাংশে পৌঁছেছে।
প্রাথমিক স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রেও সরকারি ব্যয় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। ২০১৩-১৪ সালে এই খাতে ব্যয় হয়েছিল ০.৫ লক্ষ কোটি টাকা। ২০২২-২৩ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ১.৪ লক্ষ কোটি টাকায়।
রিপোর্ট অনুযায়ী, মাথাপিছু সরকারি স্বাস্থ্য ব্যয়ও প্রায় ২.৭ গুণ বৃদ্ধি পেয়েছে। ২০১৩-১৪ সালে মাথাপিছু ব্যয় ছিল ১,০৪২ টাকা, যা ২০২২-২৩ সালে বেড়ে হয়েছে ২,৭৮৬ টাকা।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অধীন ন্যাশনাল হেলথ সিস্টেম রিসোর্স সেন্টার (এনএইচএসআরসি) এই জাতীয় স্বাস্থ্য হিসাব রিপোর্ট তৈরি করেছে। রিপোর্টে দেশের স্বাস্থ্যখাতে সরকারি ও বেসরকারি ব্যয়ের প্রবণতা বিশদভাবে বিশ্লেষণ করা হয়েছে।
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য