
নয়াদিল্লি, ২৮ মে (হি.স.) : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের মন্তব্যের কড়া সমালোচনা করেছে কংগ্রেস। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে ‘নির্বাচনী পরাজয়ে হতাশ’ বলে কটাক্ষ করেছিলেন ধর্মেন্দ্র প্রধান। এর জবাবে কংগ্রেসের সাধারণ সম্পাদক (যোগাযোগ) জয়রাম রমেশ বৃহস্পতিবার বলেন, এই ধরনের মন্তব্যই শিক্ষামন্ত্রীর আসল পরিচয় তুলে ধরে। তাঁর অভিযোগ, লক্ষ লক্ষ পড়ুয়ার জন্য বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে এবং মন্ত্রী হিসেবে ধর্মেন্দ্র প্রধান সম্পূর্ণ ব্যর্থ।
সামাজিক মাধ্যম এক্স-এ জয়রাম রমেশ লেখেন, ধর্মেন্দ্র প্রধান শুধু সংসদের স্থায়ী কমিটির মর্যাদাকেই ক্ষুণ্ণ করেননি, এখন বিরোধী দলনেতার বিরুদ্ধেও আক্রমণ করছেন। তাঁর কথায়, “শিক্ষা মন্ত্রক এখন অব্যবস্থাপনার আঁতুড়ঘরে পরিণত হয়েছে।”
রাহুল গান্ধীর মন্তব্যকে সমর্থন করে জয়রাম রমেশ দাবি করেন, এনইইটি এবং সিবিএসই-র সাম্প্রতিক বিতর্কের দায় পুরোপুরি কেন্দ্রীয় সরকারের। তিনি বলেন, ২০২৪ সালে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)-র ব্যর্থতার পরও সরকার ধর্মেন্দ্র প্রধানকে রক্ষা করেছে।
উল্লেখ্য, এর আগে সিবিএসই আধিকারিকদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ধর্মেন্দ্র প্রধান বলেন, “রাহুল গান্ধী নির্বাচনী পরাজয়ের হতাশা থেকেই দেশের বৈজ্ঞানিক অগ্রগতির বিরোধিতা করছেন।” একইসঙ্গে তিনি আশ্বাস দেন, অন-স্ক্রিন মার্কিং (ওএসএম) ব্যবস্থায় কোনও অনিয়ম বা অসুবিধা হয়ে থাকলে তার দায় তিনি নিজে নেবেন এবং দোষীদের কাউকেই রেহাই দেওয়া হবে না।
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য