
নয়াদিল্লি, ২৮ মে (হি.স.): আগামী কয়েকদিন কিছুটা হলেও স্বস্তি মিলতে পারে উত্তর ভারতের তাপপ্রবাহ থেকে। উত্তর প্রদেশ, দিল্লি, পঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ে ঝোড়ো হাওয়ার পাশাপাশি বৃষ্টির বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। গত দু' সপ্তাহ ধরে উত্তর ভারতের বহু রাজ্যে তাপপ্রবাহ অব্যাহত। আগামী কয়েক দিনের আবহাওয়ার এই পরিবর্তন সেই পরিস্থিতি থেকে কিছুটা স্বস্তি দেবে বলে মনে করছেন আবহবিদরা।
বৃহস্পতিবার ভারতীয় আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, দিল্লিতে বৃহস্পতিবার ও শুক্রবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পঞ্জাব, হরিয়ানা এবং চণ্ডীগড়ে ঘণ্টায় ৮০-১০০ কিমি বেগে তীব্র ঝোড়ো হাওয়া-সহ বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। রাজস্থানে বৃহস্পতিবার ও শুক্রবার বৃষ্টির পাশাপাশি ধুলোঝড় হতে পারে। সেখানে ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৭০-৮০ কিমি ছুঁতে পারে। পাশাপাশি উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ এবং জম্মু ও কাশ্মীরেও বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এই পার্বত্য এলাকাগুলোতে শনিবারের মধ্যে তীব্র ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে নয়ডা, গাজিয়াবাদ, বাগপত এবং হাপুর-সহ পশ্চিম উত্তর প্রদেশে বৃহস্পতিবার থেকে রবিবারের মধ্যে বৃষ্টি হতে পারে। সেখানে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪০-৫০ কিমি পর্যন্ত পৌঁছাতে পারে। পূর্ব উত্তর প্রদেশেও আগামী রবিবারের মধ্যে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ