ভারত-চিন সীমান্ত বিষয়ক ডব্লিউএমসিসি বৈঠক বেজিংয়ে, দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক করার উপর জোর
নয়াদিল্লি/বেজিং, ২৮ মে (হি.স.) : ভারত ও চিনের মধ্যে সীমান্ত বিষয়ক পরামর্শ ও সমন্বয়ের কার্যকরী প্রক্রিয়া বা ডব্লিউএমসিসি-র ৩৫-তম বৈঠক বৃহস্পতিবার বেজিংয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে উভয় দেশ চিনে অনুষ্ঠিতব্য বিশেষ প্রতিনিধি (এসআর) পর
ভারত-চিন সীমান্ত বিষয়ক ডব্লিউএমসিসি বৈঠক বেজিংয়ে, দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক করার উপর জোর


নয়াদিল্লি/বেজিং, ২৮ মে (হি.স.) : ভারত ও চিনের মধ্যে সীমান্ত বিষয়ক পরামর্শ ও সমন্বয়ের কার্যকরী প্রক্রিয়া বা ডব্লিউএমসিসি-র ৩৫-তম বৈঠক বৃহস্পতিবার বেজিংয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে উভয় দেশ চিনে অনুষ্ঠিতব্য বিশেষ প্রতিনিধি (এসআর) পর্যায়ের পরবর্তী বৈঠকের জন্য শক্ত ভিত্তি তৈরিতে একযোগে কাজ করার অঙ্গীকার করেছে।

ভারতের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত এলাকায় শান্তি বজায় রাখার ক্ষেত্রে যে অগ্রগতি হয়েছে, তাতে উভয় পক্ষ সন্তোষ প্রকাশ করেছে। এই পরিস্থিতি ধীরে ধীরে ভারত-চিন দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক করার পথ প্রশস্ত করছে বলেও মত প্রকাশ করা হয়েছে।

বৈঠকে ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বিদেশ মন্ত্রকের যুগ্মসচিব (পূর্ব এশিয়া) সুজিত ঘোষ। চিনা প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন সে দেশের বিদেশ মন্ত্রকের সীমান্ত ও সামুদ্রিক বিষয়ক বিভাগের মহাপরিচালক হউ ইয়ানকি।

বিদেশ মন্ত্রকের দাবি, বৈঠকে অত্যন্ত গঠনমূলক ও দূরদর্শী আলোচনা হয়েছে। দুই দেশের কূটনীতিকরা ভারত-চিন সীমান্ত এলাকার বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করেন। সীমান্তে স্থিতাবস্থা ও শান্তি বজায় রাখার প্রচেষ্টায় ইতিবাচক ফল মিলছে বলেও উভয় পক্ষ একমত হয়েছে।

বৈঠকে মূলত সীমান্ত নির্ধারণ, সীমান্ত ব্যবস্থাপনা, বিভিন্ন সমন্বয় প্রক্রিয়া গঠন এবং সীমান্ত পারাপার সহযোগিতা নিয়ে আলোচনা হয়। ভারতীয় পক্ষ সীমান্ত অতিক্রমকারী নদীগুলি নিয়ে বিশেষজ্ঞ পর্যায়ের পরবর্তী বৈঠক দ্রুত আয়োজনের উপর জোর দেয়। পাশাপাশি ২৪-তম বিশেষ প্রতিনিধি পর্যায়ের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী কূটনৈতিক ও সামরিক স্তরে নিয়মিত যোগাযোগ বজায় রাখার বিষয়েও উভয় দেশ সম্মত হয়েছে।

বিদেশ মন্ত্রক জানিয়েছে, চিনে অনুষ্ঠিতব্য পরবর্তী বিশেষ প্রতিনিধি পর্যায়ের বৈঠকের জন্য আরও মজবুত ভিত্তি গড়ে তুলতে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করা হয়েছে।

বেজিং সফরের সময় ভারতীয় প্রতিনিধি দলের প্রধান সুজিত ঘোষ চিনের বিদেশ মন্ত্রকের এশিয়া বিষয়ক বিভাগের মহাপরিচালক লিউ জিনসংয়ের সঙ্গেও বৈঠক করেন। এছাড়া তিনি চিনের সহকারী বিদেশমন্ত্রী হং লেইয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সেখানে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় হয়।

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande