
নয়াদিল্লি, ২৮ মে (হি.স.) : জাতীয় সড়ক সম্পদের নগদীকরণে নতুন পদক্ষেপ নিতে চলেছে ভারতীয় জাতীয় সড়ক কর্তৃপক্ষ (এনএইচএআই)। ২০২৬-২৭ অর্থবর্ষে টোল-অপারেট-ট্রান্সফার (টিওটি) এবং ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ট্রাস্ট (ইনভিট) মডেলের মাধ্যমে জাতীয় সড়ক সম্পদের নগদীকরণ করা হবে বলে বৃহস্পতিবার জানিয়েছে কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রক। তবে এই তালিকায় হাইওয়ে ইনফ্রা ইনভেস্টমেন্ট ট্রাস্ট (আরআইআইটি)-এর আওতায় থাকা সম্পদ অন্তর্ভুক্ত করা হবে না।
মন্ত্রকের বক্তব্য, এই উদ্যোগ কেন্দ্রের সম্পদ নগদীকরণ কৌশলের অংশ। এর মূল উদ্দেশ্য হল চালু জাতীয় সড়ক প্রকল্পগুলি থেকে মূলধন সংগ্রহ করা, বেসরকারি অংশীদারিত্ব বাড়ানো এবং জাতীয় সড়ক নেটওয়ার্কের সম্প্রসারণ ও আধুনিকীকরণকে আরও গতিশীল করা। এর ফলে বিনিয়োগকারী ও দরদাতারা আরও দক্ষতার সঙ্গে নিজেদের পরিকল্পনা করতে পারবেন।
মন্ত্রক জানিয়েছে, চিহ্নিত জাতীয় সড়ক সম্পদের মোট দৈর্ঘ্য ১,৬৯২.৫ কিলোমিটার। এই প্রকল্পগুলি হরিয়ানা, ঝাড়খণ্ড, কর্ণাটক, রাজস্থান, তামিলনাড়ু, তেলঙ্গানা, উত্তর প্রদেশ, বিহার এবং মহারাষ্ট্র-সহ মোট নয়টি রাজ্যে বিস্তৃত। অর্থনৈতিক ও পরিবহণ করিডরগুলিতে অবস্থিত এই সড়কগুলিতে পর্যাপ্ত যান চলাচল ও শক্তিশালী সংযোগ ব্যবস্থা রয়েছে। এনএইচএআই তাদের ওয়েবসাইটে মোট ১৭টি প্রকল্পের তালিকা প্রকাশ করেছে।
টিওটি এবং ইনভিট কাঠামোর মাধ্যমে স্বচ্ছ ও সুসংগঠিত প্রক্রিয়ায় এই নগদীকরণ সম্পন্ন করা হবে। মন্ত্রকের দাবি, এই দুই মডেল দীর্ঘমেয়াদি প্রাতিষ্ঠানিক বিনিয়োগ আকর্ষণে ইতিমধ্যেই সফল হয়েছে। পাশাপাশি টেকসই পরিকাঠামো উন্নয়নের জন্য উদ্ভাবনী আর্থিক ব্যবস্থা গ্রহণ এবং সম্পদের দক্ষ ব্যবস্থাপনা ও পরিচালন উৎকর্ষ নিশ্চিত করতেও এই মডেল কার্যকর ভূমিকা পালন করছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য