ওএসএম বিতর্কে ধর্মেন্দ্র প্রধানকেই দায়ী করলেন রাহুল, সিবিএসই-র মূল্যায়ন পদ্ধতি নিয়ে নতুন করে প্রশ্ন
নয়াদিল্লি, ২৮ মে (হি.স.) : সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)-এর অন-স্ক্রিন মার্কিং (ওএসএম) ব্যবস্থা ঘিরে বিতর্কে সরাসরি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে দায়ী করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। বৃহস্পতিবার সোশ্যাল মিড
শিক্ষামন্ত্রীকে অপসারণ না করা পর্যন্ত আন্দোলন চলবে : রাহুল গান্ধী


নয়াদিল্লি, ২৮ মে (হি.স.) : সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)-এর অন-স্ক্রিন মার্কিং (ওএসএম) ব্যবস্থা ঘিরে বিতর্কে সরাসরি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে দায়ী করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে রাহুল বলেন, এই ঘটনায় তদন্ত হয়ে থাকুক বা না-হোক, দুই ক্ষেত্রেই শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান দায় এড়াতে পারেন না। তাঁর দাবি, প্রধানমন্ত্রী যদি সত্যিই পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হতেন, তাহলে অনেক আগেই শিক্ষামন্ত্রীকে পদ থেকে সরিয়ে দিতেন।

ধর্মেন্দ্র প্রধানের “নির্বাচনী পরাজয়ের হতাশা” সংক্রান্ত মন্তব্যেরও পাল্টা জবাব দেন রাহুল গান্ধী। তিনি বলেন, “আমার বিরুদ্ধে যত খুশি আক্রমণ করা হোক, ১৮.৫ লক্ষ পড়ুয়ার জন্য জবাবদিহি চাওয়া আমি বন্ধ করব না।”

রাহুল গান্ধী সিবিএসই-র অন-স্ক্রিন মূল্যায়ন ব্যবস্থার দায়িত্ব ‘সিওএমপিইটি’ নামের একটি সংস্থাকে দেওয়া নিয়েও প্রশ্ন তোলেন। তাঁর অভিযোগ, এই সংস্থাটি আগে ‘গ্লোবারেনা’ নামে বিতর্কে জড়িয়েছিল। তিনি জানতে চান, কার নির্দেশে এই সংস্থাকে দায়িত্ব দেওয়া হল, কেন কোনও ব্যাকগ্রাউন্ড যাচাই করা হয়নি এবং সংস্থার কর্তাদের সঙ্গে সরকারের কোনও যোগসূত্র রয়েছে কি না।

উল্লেখ্য, এর আগে সিবিএসই আধিকারিকদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকের পর শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সাংবাদিকদের বলেন, রাহুল গান্ধী ধারাবাহিক নির্বাচনী পরাজয়ের হতাশা থেকে দেশের বৈজ্ঞানিক অগ্রগতির বিরোধিতা করছেন। তিনি আশ্বাস দেন, এই নতুন ব্যবস্থায় কোনও সমস্যা হয়ে থাকলে তার দায় তিনি নিজে নিচ্ছেন। সিবিএসই-ও জানিয়েছে, পুরো প্রক্রিয়াটি কেন্দ্রীয় সরকারের ক্রয়নীতির আওতায় সম্পন্ন হয়েছে। কোনও অনিয়ম প্রমাণিত হলে কাউকেই রেয়াত করা হবে না বলেও জানানো হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande